নিজস্ব প্রতিনিধি, কলকাতা: যুদ্ধের আবহে চলতি মাসে বন্ধই থাকছে রাজ্যের স্কুলগুলি। বৃহস্পতিবার স্কুলশিক্ষা দপ্তর জানিয়েছে, সমস্ত স্কুল ২ জুন খোলা হবে। সেই অনুযায়ী প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং মধ্যশিক্ষা পর্ষদ বিজ্ঞপ্তিও জারি করছে। প্রসঙ্গত, এ বছর ২ মে’র পরিবর্তে সরকারি স্কুলে গ্রীষ্মের ছুটি পড়ে ৩০ এপ্রিল। প্রাথমিক স্কুল খোলার কথা ছিল ১৩ মে এবং উচ্চ প্রাথমিক থেকে উচ্চ মাধ্যমিক স্কুলগুলি খোলার কথা ছিল ২৪ মে। এই নিয়ম কার্যকর থাকছে দার্জিলিং এবং পার্বত্য এলাকার স্কুলগুলির ক্ষেত্রেও। অর্থাৎ, গরম যে এর কারণ নয়, তা স্পষ্ট। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠকের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে বেসরকারি স্কুলগুলিতেও ছুটি দেওয়ার আবেদন করেছিলেন। শিক্ষক সংগঠনগুলির বক্তব্য, এই সিদ্ধান্তে পঠন-পাঠনের বেশ ক্ষতিই হবে।



