Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

করোনাকালে বন্ধ হওয়া সমস্ত এক্সপ্রেস ট্রেন থামবে সালারে

করোনাকালে পূর্ব রেলের সালার স্টেশনে তিনটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বন্ধ হয়ে গিয়েছিল

করোনাকালে বন্ধ হওয়া সমস্ত এক্সপ্রেস ট্রেন থামবে সালারে
  • ২৮ জুলাই, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, কান্দি: করোনাকালে পূর্ব রেলের সালার স্টেশনে তিনটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ প্রতীক্ষা শেষে ফের সালারে ওই তিনটি ট্রেনের স্টপেজ মিলবে। বৃহস্পতিবার পূর্ব রেলের তরফে এমনই নোটিস জারি হয়েছে। এতে রেলযাত্রীদের মধ্যে খুশির হাওয়া ছড়িয়েছে। ওই সমস্ত ট্রেনের স্টপেজ দেওয়ার বিষয়ে সম্প্রতি বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠান রেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিলেন। সালার স্টেশনে কাটিহার এক্সপ্রেসের স্টপেজও যাতে দেওয়া হয়, সেই বিষয়েও সাংসদ রেলের সঙ্গে কথা বলেছেন।

Advertisement

পূর্ব রেলের ওই নোটিসে জানানো হয়েছে, হাটেবাজারে এক্সপ্রেস, দীঘা-নিউ জলপাইগুড়ি পাহাড়িয়া এক্সপ্রেস ও আলিপুরদুয়ার-শিয়ালদহ ডাউন তিস্তা-তোর্সা এক্সপ্রেসের স্টপেজ এবার সালার স্টেশনে দেওয়া হবে।
কাটোয়া-আজিমগঞ্জ শাখার সালার একটি ব্যস্ত স্টেশন। জেলার দক্ষিণ-পশ্চিম প্রান্তের গ্রাম ও শহরের বাসিন্দারা এই স্টেশনের উপরই নির্ভর করেন। কিন্তু, করোনার সময় এই স্টেশনে তিনটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বন্ধ করে দেওয়া হয়। এতে যাত্রীরা খুবই সমস্যায় পড়েছিলেন। নানা সময়ে ট্রেনযাত্রীদের তরফে রেল কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়ে স্টপেজের দাবি জানানো হয়েছিল। মাসতিনেক আগে সালারবাসীর একাংশ কান্দির বিধায়ক অপূর্ব সরকারের মাধ্যমে বহরমপুরের সাংসদ ইউসুফ পাঠানের দ্বারস্থ হন। তাঁরা সমস্যার কথা জানিয়ে সাংসদকে এবিষয়ে হস্তক্ষেপ করার জন্য লিখিত আবেদন জানান।
অপূর্ববাবু বলেন, বহরমপুরের সাংসদ সম্প্রতি দিল্লির রেলমন্ত্রকে জেলার বিভিন্ন জায়গার রেল সমস্যা নিয়ে কথা বলেছিলেন। সেই সময় সালারে বিভিন্ন এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বন্ধ হওয়ার বিষয়টিও তুলে ধরেন। সাংসদ আমাকে জানিয়েছেন, যে তিনটি ট্রেনের স্টপেজ বন্ধ হয়ে গিয়েছিল, সেগুলি ফের চালু করা হবে। এছাড়া, ওই স্টেশনে কাটিহার এক্সপ্রেসের স্টপেজ দেওয়ার বিষয়েও কথা হয়েছে। এই ট্রেনের স্টপেজ সালার স্টেশনে কোনওদিন  ছিল না। সেক্ষেত্রে কিছুটা সময় লাগবে বলে রেলমন্ত্রক জানিয়েছে।
সালার ব্যবসায়ী সমিতির সম্পাদক চন্দন কাজি বলেন, তিনটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজ বন্ধ হওয়ায় সাধারণ যাত্রীদের পাশাপাশি এলাকার ব্যবসায়ীরা অনেক ক্ষতির মুখে পড়ছিলেন। ওই তিনটি ট্রেনের স্টপেজ আবার মিলবে জেনে ভালো লাগছে। সেইসঙ্গে কাটিহার এক্সপ্রেসের স্টপেজ মিললে যাত্রীদের খুব সুবিধা হবে। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ