Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

আলিপুরদুয়ার: একুশের পর চা বলয়ে ভোট কমছে বিজেপির, ঘুঁটি সাজাচ্ছে শাসক দল

একুশের বিধানসভা ভোটের পর থেকেই চা বলয়ে ভোট কমছে বিজেপির। সেই পরিসংখ্যানে আত্মবিশ্বাসী হয়ে আলিপুরদুয়ারে ছাব্বিশের ভোটে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস।

আলিপুরদুয়ার: একুশের পর চা বলয়ে ভোট কমছে বিজেপির, ঘুঁটি সাজাচ্ছে শাসক দল
  • ২ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, আলিপুরদুয়ার: একুশের বিধানসভা ভোটের পর থেকেই চা বলয়ে ভোট কমছে বিজেপির। সেই পরিসংখ্যানে আত্মবিশ্বাসী হয়ে আলিপুরদুয়ারে ছাব্বিশের ভোটে ঘুঁটি সাজাচ্ছে তৃণমূল কংগ্রেস। সেজন্য জেলার ৬৪টি চা বাগানে প্রস্তুতি চলছে। যদিও বিজেপির দাবি, ভোট কমলেও ছাব্বিশে ফের জেলায় ৫-০ ফলে জিতবে তাদের দল।

Advertisement

একুশের ভোটে বিজেপির মাদারিহাটে ২৯ হাজার ৬৮৫, কুমারগ্রামে ১১ হাজার, কালচিনিতে ২৮ হাজার ৫৭৬, ফালাকাটায় ১০ হাজার ও আলিপুরদুয়ার বিধানসভায় ১৬ হাজার ভোটের জয়ের মার্জিন ছিল। কিন্তু চব্বিশের লোকসভা ভোটে একমাত্র আলিপুরদুয়ার বাদে বাকি চারটি বিধানসভা কেন্দ্রে বিজেপির ভোট অনেকটাই কমে যায়। 
চব্বিশের লোকসভা ভোটে বিজেপির কুমারগ্রামে ৭৬৪১, কালচিনিতে ১৪ হাজার ৮৬৫, ফালাকাটায় ৮৯৬৬ ও মাদারিহাটে ১১ হাজার ৬৩ ভোটের লিড ছিল। একমাত্র আলিপুরদুয়ার বিধানসভায় একুশের থেকে চব্বিশের ভোটে লিড বেড়েছিল বিজেপির। চব্বিশে আলিপুরদুয়ারে বিজেপির লিড ছিল ২৮ হাজার ৫৬৪। এরমধ্যে ২০২৪ সালের নভেম্বরে মাদারিহাট বিধানসভার উপ নির্বাচনে আবার তৃণমূলের কাছে হেরে যায় বিজেপি। তৃণমূল সেই উপ নির্বাচনে বিজেপিকে ২৮ হাজার ভোটে পর্যুদস্ত করে। 
চা বলয়ে পদ্মপার্টির ভোট কমার এই পরিসংখ্যানে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে তৃণমূল কংগ্রেস। তাই এখন থেকেই চা বলয়কে পাখির চোখ করে ছাব্বিশের বিধানসভা ভোটের ব্লু প্রিন্ট তৈরি করছে তৃণমূল। চা বলয়কেই ভরসা করে জেলার ৬৪টি চা বাগানে দলের চা শ্রমিক সংগঠনের ইউনিট কমিটি প্রচারে নেমে পড়েছে। 
এদিকে কাল শনিবার জেলায় আসছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোনও জনসভা, মিটিং বা মিছিল নয়। অভিষেক বন্দ্যোপাধ্যায় আলাপচারিতায় এবার সরাসরি কথা বলবেন চা শ্রমিকদের সঙ্গে। জেলা তৃণমূলের দাবি, চা শ্রমিকদের সঙ্গে অভিষেকের আলাপচারিতার পর দলের পালে আরও হাওয়া লাগবে। সেই হাওয়া ধরে রাখতে চা বাগানগুলিতে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালীর কথা শ্রমিকদের মধ্যে প্রচারের জন্য  আরও বেশি করে ঝাঁপানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল।
তৃণমূলের জেলা চেয়ারম্যান গঙ্গাপ্রসাদ শর্মা বলেন, ছাব্বিশের বিধানসভা ভোটে জেলার পাঁচটি আসনেই জিতবে আমাদের দল। কারণ, একুশের ভোটের পর থেকেই চা বলয়ে বিজেপির ভোট কমছে। শ্রমিকরা বুঝে গিয়েছে বিজেপি নয়। তৃণমূলই তাঁদের উন্নয়নে কাজ করছে। সেই জন্যই চা শ্রমিকরা তাদের দলের দিকে ঝুঁকছে। ফলে ছাব্বিশে আমাদের জয় শুধু সময়ের অপেক্ষা। 
যদিও বিজেপির এমপি মনোজ টিগ্গা বলেন, একুশের পর থেকে চা বলয়ে আমাদের ভোট কমছে, এটা অস্বীকার করা যাবে না। কিন্তু মানুষ তৃণমূলের দুর্নীতিতে বীতশ্রদ্ধ। ফলে জেলায় একুশের মতো ফের আমাদের দল ৫-০ ফলে জিতবে।

Advertisement
সম্পর্কিত সংবাদ