সংবাদদাতা, মানকর: স্কুলের শুরুতে পড়ুয়া সংখ্যা ছিল দু’শোরও বেশি। কিন্তু, এখন তা কমতে কমতে মাত্র ছয়ে দাঁড়িয়েছে। তাদের পড়ানোর জন্য আছেন মাত্র একজন শিক্ষক। অভিভাবকদের অভিযোগ, স্কুলে নেই কোনও পরিকাঠামো। লেখাপড়ার মানও ভালো নয়। এই দুইয়ের জেরে গলসি-২ ব্লকের গোহগ্রামের ভুবনমোহন মাধ্যমিক শিক্ষা কেন্দ্র বা এমএসকের এমন করুণ অবস্থা। গ্রামবাসীদের অভিযোগ, মূলত শিক্ষকের অভাবেই পড়ুয়ারা এই স্কুল ছেড়ে অন্যত্র চলে যাচ্ছে। স্থায়ী শিক্ষক না পেলে যোকোনও দিন তালা পড়ে যাবে এই শিক্ষা কেন্দ্রে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ২০০৩ সালে এই এমএসকের প্রতিষ্ঠা হয়েছিল। এলাকায় শিক্ষার প্রসার ঘটবে আশায় স্থানীয় কয়েকজন প্রায় সাড়ে পাঁচ বিঘা জমি দান করেছিলেন। সেই জমিতেই গড়ে ওঠে ভবন, খেলার মাঠ, শৌচাগার। কিন্তু, পড়ুয়া সংখ্যা ক্রমশ কমতে থাকায় এই শিক্ষাকেন্দ্র অচল হয়ে পড়েছে। কেন এই অবস্থা হল? শিক্ষা কেন্দ্রের একমাত্র শিক্ষক রামানন্দ মুখোপাধ্যায় বলেন, ২০১৮ সালের পর থেকে একমাত্র আমি রয়েছি। তখনও ২০-২৫জন পড়ুয়া ছিল। বর্তমানে তা মাত্র ছ’জনে দাঁড়িয়েছে। চলতি শিক্ষাবর্ষে নতুন করে কেউ ভর্তি হয়নি। শিক্ষক বাড়ালে পড়ুয়ার সংখ্যা বাড়বে বলে আশা করছি।



