মোলবোর্ন: প্রথম সেটে কড়া প্রতিদ্বন্দ্বিতার মুখেও চাপকে ঘাড়ে চাপতে দেননি কার্লোস আলকারাজ। বরং বাজিমাত করেছেন টেকনিক ও মানসিক দৃঢ়তায়। অস্ট্রেলিয়ান ওপেনে বুধবার পুরুষদের সিঙ্গলসে জার্মানির ইয়ানিক গ্যানফম্যানকে হারিয়ে তৃতীয় রাউন্ডের টিকিট পাকা করলেন স্প্যানিশ তরুণ। শীর্ষ বাছাই আলকারাজের পক্ষে খেলার ফল ৭-৬ (৭-৪), ৬-৩, ৬-২। পরের রাউন্ডে তাঁর প্রতিপক্ষ কোরেন্টিন মুউতেত। ম্যাচ জয়ের পর স্প্যানিশ তারকা বলেন, ‘প্রথম সেটে সেভাবে সেরাটা মেলে ধরতে পারিনি। তাই কোচের সঙ্গে কথা বলি। কোথায় ভুল হচ্ছে, তা বুঝে ধীরে ধীরএেগনোর চেষ্টা করি। আগামী ম্যাচে আরও উন্নতি করতে হবে।’
এদিন স্ট্রেট সেটে ম্যাচ জিতলেও আলকারাজকে তিন ঘণ্টার কড়া চ্যালেঞ্জের সামনে ফেলেছিলেন ইয়ানিক। দুরন্ত লড়াই হল প্রথম সেটে। তবে টাই-ব্রেকারে সেটের দখল নেন স্প্যানিশ তারকা। দ্বিতীয় গেমে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা করেন জার্মান তরুণ। কিন্তু আলকারাজ আর সুযোগ দেননি। তাঁর ট্রফি ক্যাবিনেটে রয়েছে ছ’টি গ্র্যান্ড স্ল্যাম। চারটি মেজর ট্রফির মধ্যে জেতা হয়ে গিয়েছে তিনটি। কিন্তু স্বাদ পাননি অস্ট্রেলিয়ান ওপেনের। এবার সেই খরা কাটানোর লক্ষ্যে মেলবোর্নে পা রেখেছেন আলকারাজ। দিনের অপর অপর ম্যাচে অলেকজান্ডার জেরেভ চার সেটের লড়াইয়ে হারালেন আলেকজান্ডার মুলারকে। তৃতীয় বাছাই জার্মান তারকার পক্ষে খেলার ফল ৬-৩, ৪-৬, ৬-৩, ৬-৪। এছাড়া তৃতীয় রাউন্ডের টিকিট পাকা করলেন ড্যানিল মেডভেডেভ। তিনি ৭-৬ (১১-৯), ৬-৩, ৬-৪, ৬-২ সেটে হারালেন কুইন্টিন হ্যালিসকে।
মহিলাদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডে স্ট্রেট সেটে জয় পেয়েছেন এরিনা সাবালেঙ্কা। শীর্ষ বাছাই তারকা ৬-৩, ৬-১ ব্যবধানে হারালেন চীনের ঝুয়াকসুয়ান বাইকে। দাপটে জিতেছেন তৃতীয় বাছাই কোকো গফও। মার্কিনী তরুণী ৬-২, ৬-২ সেটে উড়িয়ে দিয়েছেন সার্বিয়ার ওলগা ড্যানিলোভিচকে। দিনের অপর ম্যাচে প্রত্যাশিতভাবে জয় পেয়েছেন সপ্তম বাছাই জাসমিন পাওলিনি ও অষ্টম বাছাই মীরা আন্দ্রিভা।