নিউ ইয়র্ক: নতুন হেয়ার স্টাইলের সঙ্গে মানানসই টেনিস। ইউএস ওপেনে অশ্বমেধের ঘোড়া ছোটাচ্ছেন কার্লোস আলকারাজ। বৃহস্পতিবার অনায়াসেই দ্বিতীয় রাউন্ডের গণ্ডি টপকালেন দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা। ইতালির মাত্তিয়া বেলুচ্চিকে স্ট্রেট সেটে হারালেন তিনি। আলকারাজের পক্ষে খেলার ফল ৬-১, ৬-০, ৬-৩। এছাড়াও পুরুষদের সিঙ্গলসে তৃতীয় রাউন্ডে উঠেছেন নোভাক জকোভিচ।
অর্থার অ্যাশ স্টেডিয়ামে এদিন আকর্ষণের কেন্দ্রে ছিলেন আলকারাজ। অবাছাই প্রতিপক্ষ মাত্তিয়া বেলুচ্চির বিরুদ্ধে রীতিমতো কর্তৃত্বও দেখালেন তিনি। বেসলাইন থেকে সমানে আক্রমণ চালাচ্ছিলেন তিনি। পাশাপাশি তাঁর ড্রপ শটগুলিরও কোনও জবাব ছিল না ইতালিয়ান খেলোয়াড়ের কাছে। পুরো ম্যাচে বেলুচ্চির মাত্র চারটি গেম জয়েই প্রমাণিত স্প্যানিশ তারকার আধিপত্য। শুধু তাই নয়, টানা দু’ম্যাচে আলকারাজের সার্ভিস ব্রেক করতে পারেনি প্রতিপক্ষ। বোঝাই যাচ্ছে, ইউএস ওপেনে খেতাব উদ্ধারে এবার রীতিমতো মরিয়া আলকারাজ। এই আসরে ২০২২ সালের চ্যাম্পিয়ন তিনি। তবে গতবার দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছিল। এবার সেই ভুল করতে নারাজ। ম্যাচ শেষে আলকারাজ বলেন, ‘গতবারের হার থেকে শিক্ষা পেয়েছি। আর তা মাথায় রেখেই কোর্টে নামছি। নিজেকে বলেছি, একই ভুলের পুনরাবৃত্তি করলে চলবে না।’ পরের ম্যাচে তাঁর প্রতিপক্ষ আমেরিকার এলিয়ট স্পিজিরি।
টুনামেন্ট যেদিকে এগচ্ছে তাতে বড় অঘটন না ঘটলে শেষ চারে জোকারের মুখোমুখি হবেন আলকারাজ। অন্য ম্যাচে জাকিরা ভাদজেকে হারিয়েও সন্তুষ্ট নন জকোভিচ। নিজের খেলায় মজা পাচ্ছেন না বলেই জানান তিনি। ম্যাচ শেষে জোকার বলেন, ‘এই পারফরম্যান্সে খুশি হতে পারছি না। অবশ্য এটা ঠিক যে, এখনও জেতার তাগিদ ফুরিয়ে যায়নি। সেটাই আমার মূলধন।’ এদিকে, চেয়ার আম্পায়ারের সঙ্গে বচসা ও র্যাকেট ভাঙার জেরে ৪২ হাজার পাঁচশো ডলার জরিমানা হল রুশ তারকা ড্যানিল মেডভেডেভের।