নিউ ইয়র্ক: নায়িকা এক। কিন্তু তাঁকে সঙ্গী করার জোর লড়াই দুই নায়কের মধ্যে। টেনিস কোর্টে ‘এক ফুল দো মালি’র কিসসা এই প্রথম। আলোচনার কেন্দ্রে কার্লোস আলকারাজ, জানিক সিনার ও ব্রুকস নাদের। মুখরোচক এই খবর নিয়ে আলোড়ন পড়েছে টেনিস দুনিয়ায়। নিউ ইয়র্কের বেসরকারি এক রেডিও স্টেশনের দাবি, ইউএস ওপেন চলাকালীন আলকারাজ ও সিনার— দু’জনের সঙ্গেই ডেট করেছেন নাদের। কিন্তু প্রশ্ন, কে এই নাদের? আমেরিকার পেজ থ্রি দুনিয়ায় তিনি বেশ পরিচিত নাম।
সম্প্রতি ইউ এস ওপেনের মাঝে এক রেডিও চ্যানেলে নাদেরের বোনের দেওয়া সাক্ষাৎকারে শুরু জল্পনা। তিনি জানান, ‘দিদি এখন টেনিস নিয়ে ব্যস্ত।’ সেই ব্যক্তি কে? প্রশ্ন করলে তাঁর জবাব, ‘সে একজন উইনার’। যা থেকে অনুমান করা হয় সিনারের নাম। কারণ যুক্তরাষ্ট্র ওপেনের আগে উইম্বলডন জিতেছেন ইতালিয়ান তারকা। তবে এই সাক্ষাৎকারের পরেই ফ্ল্যাশিং মিডোর সেন্টার কোর্টে ফাইনালের মঞ্চে নাদেরকে দেখা যায় আলকারাজের হয়ে গলা ফাটাতে। এর পরেই গুজব ওঠে চরমে। তাহলে কী সিনার-আলকারাজ লড়াই টেনিস কোর্টের সীমানা ছাড়িয়ে ছড়িয়ে পড়েছে প্রণয়ের ময়দানেও। নাদেরের বোনের উত্তর, ‘গুজব অনেক সময় সত্যি হয়। তাই ডেটিং প্রসঙ্গ এখন অপ্রাসঙ্গিক। সেরার সঙ্গেই থাকে আমার দিদি।’ এই জবাব গুজবের আগুনে বাড়তি ইন্ধনের কাজ করেছে। আর তারই সঙ্গে জন্ম নিয়েছে আরও একটা প্রশ্ন। উইম্বলডন চলাকালীন রাদুকানুর সঙ্গে আলকারাজের প্রেম নিয়ে শুরু হয়েছিল চর্চা। কিন্তু নাদেরের ঘটনার পর সেই সম্পর্ক এখন ঠিক কী অবস্থায়?