মেলবোর্ন: ট্রফি ক্যাবিনেটে রয়েছে দু’টি করে ফরাসি ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। নেই কেবল অস্ট্রেলিয়ান ওপেন। এবার সেই অধরা মাধুরীর লক্ষ্যে জয় দিয়ে যাত্রা শুরু করলেন কার্লোস আলকারাজ। রবিবার রড লেভার এরিনায় পুরুষদের সিঙ্গলসের প্রথম ম্যাচে তিনি স্ট্রেট সেটে হারান অস্ট্রেলিয়ার অ্যাডাম ওয়ালটনকে। শীর্ষ বাছাই স্প্যানিশ তারকার পক্ষে খেলার ফল ৬-৩, ৭-৬ (৭-২), ৬-২। দ্বিতীয় রাউন্ডে আলকারাজের প্রতিপক্ষ জার্মানির ইয়ানিক হানফম্যান। তবে হতাশ করলেন ভেনাস উইলিয়ামস। সার্বিয়ার ওলগা ড্যানিলোভিচের কাছে হেরে মহিলাদের সিঙ্গলসের প্রথম রাউন্ড থেকেই বিদায় নেন মার্কিন তারকা। ওলগার পক্ষে খেলার ফল ৬-৭ (৫-৭), ৬-৩, ৬-৪। মহিলাদের সিঙ্গলসের অন্য ম্যাচে সহজেই জিতলেন আরিনা সাবালেঙ্কা।
নতুন কোচ স্যামুয়েল লোপেজের তত্ত্বাবধানে অস্ট্রেলিয়ান ওপেন খেলতে নেমেছেন আলকারাজ। তাঁর বৈচিত্রপূর্ণ ফোরহ্যান্ড, নিখুঁত ‘এস’ সার্ভের কোনও উত্তর খুঁজে পাননি অ্যাডাম। অনুরাগীরা তাই আশাবাদী। এই ছন্দ ধরে রাখতে পারলে চলতি অস্ট্রেলিয়ান ওপেনেই আমেরিকার প্রাক্তন তারকা ডন বাজকে ছাড়িয়ে যাবেন ২২ বছরের স্প্যানিয়ার্ড। সেক্ষেত্রে সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে চারটি গ্র্যান্ড স্ল্যাম ইভেন্টের সবক’টিতে চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ড গড়বেন আলকারাজ। অন্যদিকে, পুরুষদের সিঙ্গলসে দ্বিতীয় রাউন্ডের ছাড়পত্র আদায় করলেন আলেকজান্ডার জেরেভ। কানাডার গ্যাব্রিয়াল ডিয়ালোকে চার সেটের লড়াইয়ে হারালেন তৃতীয় বাছাই জার্মান তারকা। তাঁর পক্ষে খেলার ফল ৬-৭ (১-৭), ৬-১, ৬-৪, ৬-২।
এদিকে, মহিলাদের সিঙ্গলসে সাবালেঙ্কা স্ট্রেট সেটে হারান ইতালির তিয়ানতসোয়া সারাকে। শীর্ষ বাছাই তারকা জিতলেন ৬-৪, ৬-১ সেটে। তবে রেকর্ড গড়েও প্রথম রাউন্ডের বাধা টপকাতে ব্যর্থ ভেনাস। চার বছর পর ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নেমেছিলেন তিনি। গ্র্যান্ড স্ল্যামের সিঙ্গলসে খেলা সবচেয়ে বেশি বয়সি মহিলা খেলোয়াড় হিসেবে রেকর্ড বইতে নাম তুললেন ৪৫ বছরের মার্কিনী কন্যা।