Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

দাপটে চতুর্থ রাউন্ডে আলকারাজ, জিতলেন সাবালেঙ্কাও

কার্লোস আলকারাজ এই প্রজন্মের অন্যতম সেরা টেনিস তারকা। উইম্বলডন, ইউএসওপেন কিংবা ফরাসি ওপেনে তাঁর বিজয়রথ অব্যাহত। কিন্তু একবারও অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেননি স্প্যানিশ তারকা।

দাপটে চতুর্থ রাউন্ডে আলকারাজ, জিতলেন সাবালেঙ্কাও
  • ২৪ জানুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মেলবোর্ন: কার্লোস আলকারাজ এই প্রজন্মের অন্যতম সেরা টেনিস তারকা। উইম্বলডন, ইউএসওপেন কিংবা ফরাসি ওপেনে তাঁর বিজয়রথ অব্যাহত। কিন্তু একবারও অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারেননি স্প্যানিশ তারকা। অধরা মাধুরী স্পর্শ করতে এবার মরিয়া তিনি। সেই লক্ষ্যে আরও একধাপ এগলেন কার্লোস আলকারাজ। শুক্রবার ফ্রান্সের কোরেন্তিন মৌতেতকে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন তিনি। ম্যাচের ফল ৬-২, ৬-৪, ৬-১। প্রতিপক্ষ মৌতেত দু’বার সার্ভিস ভাঙলেও আলকারাজকে রুখতে ব্যর্থ। দু’ঘণ্টার সামান্য বেশি সময়ে তাঁকে পরাস্ত করেন আলকারাজ। জোরালো সার্ভ ও ভলির কোনও উত্তর ছিল না মৌতেতের কাছে। পাশাপাশি পিছিয়ে পড়েও অবিশ্বাস্য লড়াইয়ে ম্যাচ জিতলেন দানিল মেডভেডেভ। এদিন রুশ তারকা অবাছাই ফাবিয়ানের বিরুদ্ধে পিছিয়ে পড়েন। শেষ পর্যন্ত মেডভেডেভের অনুকূলে ম্যাচের ফল ৬-৭, ৪-৬, ৭-৫, ৬-০, ৬-৩। জার্মানির আলেকজান্ডার জেরেভও ঘাম ঝরিয়ে জিতলেন। ক্যামেরন নরিকে ৭-৫, ৪-৬, ৬-৩, ৬-১ সেটে হারিয়ে চতুর্থ রাউন্ডে পৌঁছালেন তিনি।

Advertisement

মহিলাদের সিঙ্গলসে বড় অঘটন ঘটান ২৯ নম্বরে থাকা ইভা জোভিচ। সপ্তম বাছাই জেসমিন পাওলিনকে হারান তিনি। ম্যাচের ফল ৬-২, ৭-৬। এদিকে, প্রি-কোয়ার্টার ফাইনালে উঠলেন এলেনা সাবালেঙ্কা। অস্ট্রিয়ার আনাস্তাসিয়াকে ৭-৬, ৭-৬ সেটে বশ মানান তিনি। তবে জিতলেও সাবালেঙ্কার চেনা ঝাঁঝ অদৃশ্য। ম্যাচের মাঝে খেলা থেকে হারিয়ে যাচ্ছেন তিনি। এছাড়া কোকো গফ পিছিয়ে পড়েও সাবলীল জয় তুলে নেন। আমেরিকান তরুণী স্বদেশি হেইলিকে ৩-৬, ৬-০, ৬-৩ সেটে পরাস্ত করেন। উল্লেখ্য, চলতি টুর্নামেন্টে বিতর্কে জড়ালেন নাওমি ওসাকা।  দ্বিতীয় রাউন্ডে সিরস্টির বিপক্ষে নেমেছিলেন তিনি। অভিযোগ, প্রতিপক্ষের সার্ভিসের মাঝে চিৎকার করে নিজেকে উজ্জীবিত করছিলেন তিনি। ফলে বিপক্ষের মনঃসংযোগে চিড় ধরে। ওসাকার আচরণের তীব্র নিন্দা করেন জকোভিচের স্ত্রী জেলেনা। সোশ্যাল সাইটে সমালোচনাও করেন তিনি।

Advertisement
সম্পর্কিত সংবাদ