আল আমেরাত: গত বারের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ চ্যাম্পিয়ন পাকিস্তান। খেতাবি লড়াইয়ে ভারতকে ১৯১ রানে হারিয়ে ট্রফি ঘরে তুলেছিল তারা। চলতি যুব এশিয়া কাপের গ্রুপ পর্বেও টিম ইন্ডিয়াকে টেক্কা দিয়েছে পাক-ব্রিগেড। শনিবার ফাইনালে ফের ভারত-পাকিস্তান মহারণ। চিরপ্রতিদ্বন্দ্বীদের হারিয়ে মধুর প্রতিশোধে চোখ আর্যবীর-লক্ষ্যদের।
ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মর্যাদার লড়াই। তাতে সাম্প্রতিক সময়ে সিনিয়র দলের একচেটিয়া দাপট। তবে জুনিয়র দল প্রত্যাশিত পারফরম্যান্স মেলে ধরতে ব্যর্থ। চলতি অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের গ্রুপ পর্বের সাক্ষাতে ব্যাটিং ব্যর্থতা ডুবিয়েছিল ভারতকে। অর্জুন রাজপুত শতরান হাঁকালেও বাকিরা ব্যর্থ। সেই ধাক্কা সামলে অবশ্য ঘুরে দাঁড়িয়েছে টিম ইন্ডিয়া। সেমি-ফাইনালে আফগানিস্তানের বিরুদ্ধে দুরন্ত ৯৩ রানের ইনিংস উপহার দেন লক্ষ্য রাইচন্দানি। এছাড়া ব্যাটিং বিভাগে দুরন্ত ছন্দে আছেন বীরেন্দ্র সেওয়াগের পুত্র আর্যবীর। ৪ ম্যাচে ৩০৩ রানের সুবাদে টুর্নামেন্টের সর্বাধিক রানসংগ্রাহকও তিনি। তাই তাঁর উপর অনেকটাই নির্ভর করছে ভারতের সাফল্য। তবে রাহুল দ্রাবিড়ের পুত্র অন্বয়, বিনিত, অর্জুনদের পারফরম্যান্সে ধারাবাহিকতার অভাব স্পষ্ট। বোলিং বিভাগে ভারতের প্রধান ভরসা ঈশান সুদ। ৪ ম্যাচে এখনও পর্যন্ত তরুণ পেসারের শিকার ১১টি উইকেট। বোলিংয়ে তাঁকে সঙ্গত করতে প্রস্তুত অর্জুন রাজপুত, মানাল চৌহ্বানরা।
পক্ষান্তরে, চলতি যুব এশিয়া কাপে এখনও পর্যন্ত অপরাজিত পাকিস্তান। সেই ছন্দ ধরে রেখে টানা দ্বিতীয়বার খেতাব ঘরে তুলতে মরিয়া তারা। ব্যাটিংয়ে তাদের বড়ো ভরসা উসমান খান। ৪ ম্যাচে তাঁর সংগ্রহ ২৩৮ রান। এছাড়া পেসার রিয়ানউল্লাহ ১১টি উইকেট নিয়েছেন। তাছাড়া ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক উজ্জ্বল পারফরম্যান্স বাড়তি আত্মবিশ্বাস জোগাচ্ছে পাকিস্তানকে।
খেলা শুরু সকাল ১০-৩০ মিনিটে। সম্প্রচার সোনি স্পোর্টসে।



