নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মিগুয়েল কবে মাঠে ফিরবেন? ব্রাজিলিয়ান প্লে-মেকারকে নিয়ে উদ্বেগের শেষ নেই মোহন বাগানে। আগামী ২২ নভেম্বর অ্যাওয়ে ম্যাচে পানোস ব্রিগেডের প্রতিপক্ষ চার্চিল ব্রাদার্স। চোটের কারণে সাহাল নেই। তাই ব্রাজিলিয়ান প্লে-মেকারকে দ্রুত ফিট করাই চ্যালেঞ্জ। ছুটি কাটিয়ে শুক্রবারই অনুশীলনে ফিরল সবুজ-মেরুন ব্রিগেড। তবে এদিনও স্রেফ রিহ্যাব করলেন মিগুয়েল। টিম ম্যানেজমেন্ট আশাবাদী, ফিট হতে বেশি সময় লাগবে না। চার্চিল ম্যাচের এক সপ্তাহ পরেই হাই-ভোল্টেজ ডার্বি। তাই পরিস্থিতির উপর কড়া নজর রাখছেন ফিজিও। পাশাপাশি লি আরউইন ও জেলকোভিচেরও শনিবার অনুশীলনে যোগ দেওয়ার কথা। এদিন দলের সঙ্গে গা ঘামালেন আপুইয়া।
এদিকে, মহিলা দল গড়ার পরিকল্পনা শুরু মোহন বাগানে। এতদিন মহিলা ফুটবল নিয়ে সেভাবে উৎসাহ দেখায়নি টিম ম্যানেজমেন্ট। তা নিয়ে ক্লাবের এজিএমে প্রশ্নও তুলেছিলেন বেশ কিছু সদস্য। সেই আক্ষেপ বোধহয় এবার মিটতে চলেছে। শুক্রবার ক্লাবের কার্যকরী সমিতির মিটিংয়ে তা নিয়ে বিস্তর আলোচনাও হয়। সভাপতি দেবাশিস দত্তের মন্তব্য, ‘কোম্পানির সঙ্গে কথা হয়েছে। মহিলা দল গড়তে আলাদা মাঠ ও ড্রেসিং-রুম দরকার। ঠিক সময়ে বাকি পরিকল্পনা জানানো হবে।’ সচিব সৃঞ্জয় বসু জানালেন, ‘ইতিবাচক পদক্ষেপ নেওয়া হচ্ছে।’ উল্লেখ্য,চলতি মরশুমে এদিনই ইন্ডিয়ান উওমেন্স লিগের উদ্বোধন হল। পরবর্তীতে মোহন বাগান দল নামালে লিগ অন্য মাত্রায় পৌঁছে যাবে। আগামী ৪ ডিসেম্বর মোহন বাগানের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।



