মাউন্ট মাউনগানুই: ৮৯ রানে অল-আউট! নিউজিল্যান্ডের বিরুদ্ধে শুক্রবারের লজ্জা হজম হচ্ছে না কিছুতেই। ভারতীয় শিবির রীতিমতো বিধ্বস্ত। আর তা স্পষ্ট প্রধান কোচ গৌতম গম্ভীরের মন্তব্যেই। প্রচারমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সাফ বলেছেন, ‘এই পারফরম্যান্সকে কার্পেটের তলায় লুকিয়ে রাখলে কোনো লাভ হবে না। শুধু তো এই ম্যাচেই নয়, আগের ম্যাচেও আমরা ১১৩ রানে পৌঁছাতে গিয়ে সাত উইকেট হারিয়ে ধুঁকছিলাম। সত্যিই উদ্বেগজনক। এই ম্যাচে হেরেছি, তাই ব্যাপারটা এত প্রকট। কোনো সংশয় নেই, এটা মস্তবড়ো পরাজয়।’ এতেই পরিষ্কার, ব্যাটারদের দিকে আঙুল তুলছেন তিনি।
গম্ভীর অবশ্য একইসঙ্গে বলেছেন, ‘পিচে বোলারদের জন্য সহায়তা থাকছে। তাই শুধু মানসিকভাবে তৈরি থাকলেই চলবে না, স্কিলের দিক দিয়েও প্রস্তুতি দরকার। এই কন্ডিশনে প্রথম দশ ওভারে ৭০-৮০ রান তোলা কঠিন। এখানে বিনা উইকেটে ৩০-৪০ রানও যথেষ্ট ভালো। ভারতে প্রথম দশ-পনেরো ওভারই ব্যাটিংয়ের জন্য সহজতম। এখানে ঠিক তার উলটো, সবচেয়ে কঠিন। তবে আমাদের যা অভিজ্ঞতা, তাতে শেষ ম্যাচে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়ার ব্যাপারে আমি আশাবাদী।’
কিউয়ি কন্ডিশনের সঙ্গে পরের বছর ওডিআই বিশ্বকাপের পরিবেশ পরিস্থিতির মিল থাকবে। আর সে জন্যই এত দুশ্চিন্তায় গম্ভীর। তিনি বলেছেন, ‘আমরা ৯০ রানও তুলতে পারিনি। এরপরও উদ্বিগ্ন না হয়ে থাকা সম্ভব? আসন্ন বিশ্বকাপেও অনেকটা এরকম কন্ডিশনে খেলতে হবে। সেখানে আমরা ২৭ ওভারের মধ্যে আউট হয়ে যাচ্ছি!’
এই ম্যাচের অধিনায়ক শ্রেয়স আয়ার বলেছেন, ‘এই হার যন্ত্রণার। আমাদের ব্যাটিংয়ের সময় পিচ একেবারে বদলে গিয়েছিল। কৃতিত্ব প্রাপ্য ম্যাট হেনরিরও। সঠিক জায়গায় বল রেখেছিল গোড়া থেকেই। আমাদের মনে হয়েছিল, ওদের রানটা তাড়া করতে অসুবিধা হবে না। কিন্তু বল মারাত্মক স্যুইং করল। আর তা এতটাই যে, কীভাবে খেলব, সিদ্ধান্ত নিতে সমস্যায় পড়েছি আমরা। তবে আমাদের কেউ উইকেট ছুড়ে দেয়নি।’



