নেশনস লিগের শেষ আটে ইংল্যান্ড, ফ্রান্সকে বশ মানাল ইতালি
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মিলান: ফুটবলে ইতালি-ফ্রান্সের ম্যাচ মানেই টানটান উত্তেজনা। আর ফরাসি দলের কোচের নাম যদি জিনেদিন জিদান হয় তাহলে তো কথাই নেই! ২০০৬ বিশ্বকাপ ফাইনালে মাতেরাজ্জিকে ঢুসো মেরে জিজুর লাল কার্ড দেখা এখনও ফুটবলপ্রেমীদের স্মৃতিতে টাটকা। সেই সুযোগে খেতাব ঘরে তুলেছিল ইতালি। আর এবার সেই আজ্জুরিদের বিরুদ্ধেই ফ্রান্সের কোচ হিসাবে প্রথম হারের স্বাদ পেলেন জিদান। বৃহস্পতিবার শুরুতে পিছিয়ে পড়েও সান সিরোয় ফ্রান্সকে ৩-১ ব্যবধানে হারাল ইতালি। ম্যাচে আলোচনার কেন্দ্রে এস্পোসিতো ভাইয়েরা। বড়ো ভাই সেবাস্তিয়ান পেনাল্টি মিস করলেও, ছোটো ভাই পিও জোড়া গোল করে ম্যাচের নায়ক। অপর গোলটি ফ্রাতেসির। এই জয়ের সুবাদে নেশনস লিগের গ্রুপ এ’তে শীর্ষে রবার্তো মানচিনির দল। জিদানের ফ্রান্স রয়েছে দ্বিতীয় স্থানে। ৫ ম্যাচে দু’দলের পয়েন্ট সমান ১০ হলেও গোল পার্থক্যে এগিয়ে আজ্জুরি-ব্রিগেড।

Advertisement

পরিসংখ্যান বলছে, ১৯৬২ সালের পর প্রথমবার ঘরের মাঠে ফ্রান্সকে হারাতে পারল ইতালি। চোটের কারণে এই ম্যাচে খেলতে পারেননি এমবাপে, ডেম্বেলে, কৌন্দের মতো ফরাসি তারকারা। তবুও দশম মিনিটে বিপক্ষ গোলরক্ষক ডোনারুম্মার ভুলের সুযোগ কাজে লাগিয়ে ফ্রান্সকে এগিয়ে দেন মাইকেল ওলিসে (১-০)। তবে ২৬ মিনিটে ১-১ করেন পিও এস্পোসিতো। ৬০ মিনিটে পেনাল্টি পায় ইতালি। কিন্তু স্পটকিক থেকে জাল কাঁপাতে ব্যর্থ সেবাস্তিয়ান। অবশ্য তার মিনিট তিন পরেই ইতালিকে ২-১ লিড এনে দেন ফ্রাতেসি। আর ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলের জয় নিশ্চিত করেন পিও (৩-১)।
অপর ম্যাচে ক্রোয়েশিয়াকে ২-১ ব্যবধানে হারিয়ে নেশনস লিগের শেষ আটে জায়গা পাকা করল ইংল্যান্ড। ওয়েম্বলিতে ২৪ মিনিটেই টুচেলের দলকে এগিয়ে দেন রজার্স (১-০)। ৫৯ মিনিটে অবশ্য ক্রোয়েশিয়াকে সমতায় ফেরান সুসিচ (১-১)। তবে মিনিট পাঁচেক পর ইংল্যান্ড পেনাল্টি আদায় করে। স্পটকিক থেকে লক্ষ্যভেদে ভুল হয়নি হ্যারি কেনের (২-১)। জয়ের সুবাদে গ্রুপ সি’র দ্বিতীয় টিম হিসাবে কোয়ার্টার-ফাইনালে টুচেল ব্রিগেড (৫ ম্যাচে ১২ পয়েন্ট)। আর পাঁচ ম্যাচের প্রত্যেকটিতে জেতা স্পেন রয়েছে শীর্ষে (৫ ম্যাচে ১৫ পয়েন্ট)। তারা আগেই কোয়ার্টার-ফাইনালের টিকিট অর্জন করেছে। বৃহস্পতিবার দশ জনের চেকিয়াকে ২-০ ব্যবধানে হারিয়েছে স্প্যানিশ আর্মাডা। ম্যাচের দুই গোলদাতা বায়েনা ও পুবিল। 
বৃহস্পতিবারের ফল: ইংল্যান্ড-২ : ক্রোয়েশিয়া-১
ইতালি-৩ : ফ্রান্স-১  স্পেন-২ : চেকিয়া-০