খাওয়াজা মিথ্যা বলছে: কামিন্স
  • ১৪ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

পারথ: স্যান্ডপেরার কাণ্ড নিয়ে এবার মুখ খুললেন প্যাট কামিন্স। তিনি উসমান খাওয়াজাকে কার্যত মিথ্যাবাদী বললেন। তাঁর কথায়, ‘খাওয়াজার দাবি হাস্যকর। ২০১৮ সালে কেপ টাউনে বল বিকৃতিকাণ্ডের ব্যাপারটা দলের প্রায় কোনও ক্রিকেটারই জানত না। আমি প্রথম দিন থেকেই বলেছি, ওই বিষয়ে কিছুই জানতাম না। তার পরেও খাওয়াজা আমার নাম কেন জড়ালো, সেটাই বিস্ময়ের। ও বলেছে, সিরিশকাগজ দিয়ে বল বিকৃতির ব্যাপারে আমিও যুক্ত ছিলাম। এটা খুবই দুর্ভাগ্যের। ও আমাদের বন্ধু। কিন্তু আত্মজীবনীর প্রচারের জন্য যেভাবে সতীর্থদের সম্মান নষ্ট করেছে, তা দুঃখের। এই ধরনের একটি স্পর্শকাতর ও বিতর্কিত বিষয়ে কিছু লেখার আগে অবশ্যই দু’বার ভাবা উচিত ছিল।’

Advertisement

২০১৮ সালে কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্টে সিরিশ কাগজ দিয়ে বল বকিৃতি ঘটিয়ে সাসপেন্ড হয়েছিলেন ডেভিড ওয়ার্নার ও স্টিভ স্মিথ। তারপর বিষয়টি ধামা চাপা পড়ে গিয়েছিল। আট বছর পর তা নতুন করে সামনে এসেছে। নেপথ্যে উসমান খাওয়াজার আত্মজীবনী। যেখানে তিনি দাবি করেছেন, স্যান্ডপেপার কাণ্ড নাকি অস্ট্রেলিয়া দলের সব ক্রিকেটারই জানত। এতদিন চুপ থাকার পর অবশেষে মুখ খুললেন কামিন্স। আত্মজীবনীতে খাওয়াজা অস্ট্রেলিয়া দলের মধ্যে বর্ণবৈষম্যের অভিযোগও তুলেছেন। এই প্রসঙ্গে কামিন্স বলেন, ‘এসব মিথ্যে অভিযোগ। আমি এখন অস্ট্রেলিয়া দলের অধিনায়ক। আর সেটা গায়ের রং দেখে করা হয়নি। যোগ্যতার বিচারেই আমাকে এই দায়িত্ব দেওয়া হয়েছে। ব্যক্তিগতভাবে বর্ণবৈষম্যকে কখনও বরদাস্ত করিনি।’