রোম: আগামী রবিবার শুরু হচ্ছে ফরাসি ওপেন। রোলাঁ গারোর সুরকির কোর্টে ঝড় ওঠার অপেক্ষা। ফেভারিট কে? বিশেষজ্ঞরা এগিয়ে রাখছেন কার্লোস আলকারাজকেই। আত্মবিশ্বাসে টগবগে আলকারাজ টানা দ্বিতীয়বার ফরাসি ওপেন জিততে মরিয়া। রবিবার ইতালিয়ান ওপেন জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছেন স্প্যানিশ তারকা। খেতাবি লড়াইয়ে জানিক সিনারকে উড়িয়ে দেওয়া মোটেও সহজ ব্যাপার ছিল না। ম্যাচের পর সিনারও ঢোক গিলে স্বীকার করেছেন, ক্লে-কোর্টে আলকারাজই সেরা। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর মন্তব্য, ‘গ্র্যান্ড স্ল্যাম শুরুর আগে আলকারাজের মুখোমুখি হওয়ার পর বাড়তি প্রস্তুতি নিষ্প্রয়োজন। ক্লে-কোর্টে এই মুহূর্তে ওই সেরা।’ উল্লেখ্য, ডোপিংয়ে অভিযুক্ত সিনার প্রায় তিন মাস পর কোর্টে ফিরেছেন। আসন্ন ফরাসি ওপেন তাঁর কাছেও অ্যাসিড টেস্ট। তবে মেগা টুর্নামেন্টে আলাদা গ্রুপে রয়েছেন তাঁরা। ফাইনালের আগে মুখোমুখি হওয়ার কোনও সম্ভাবনা নেই।



