নিজস্ব প্রতিনিধি, কলকাতা: শনিবার বিকেলে মোহন বাগান মাঠে অনুশীলন তখনও শুরু হয়নি। প্লেয়ার্স টানেল পেরিয়ে মাঠে ঢোকার সময় মনবীরের সঙ্গে খুনসুটিতে ব্যস্ত আলবার্তো রডরিগেজ। হঠাৎই দাঁড়িয়ে পড়লেন স্প্যানিশ ডিফেন্ডার। তাঁর দৃষ্টি তখন ঢাউস হোর্ডিংয়ে। নিজের ছবির দিকে তাকিয়ে মনবীরকে বললেন, ‘একইরকম আছি। চেহারায় পরিবর্তন আসেনি।’
সত্যিই ফিটনেসে ঘাটতি নেই আলবার্তোর। এদিন কাক ভোরে কলকাতায় পা রেখেছেন স্প্যানিশ ডিফেন্ডার। প্রথম দিনই সহ-ফুটবলারদের সঙ্গে পুরোদমে গা ঘামালেন তিনি, যা দেখে কোচ হোসে মোলিনার চোখ চকচক করতে বাধ্য। সোমবার ডুরান্ড কাপে বিএসএফের বিরুদ্ধে খেলবে মোহন বাগান। সেই ম্যাচে টম আলড্রেডকে খেলানোর পরিকল্পনা রয়েছে স্প্যানিশ কোচের। তবে আলবার্তোকেও পরিবর্ত হিসেবে দলে রাখলে অবাক হওয়ার কিছু থাকবে না।
ডুরান্ড কাপের গ্রুপ লিগের শেষ ম্যাচে ৯ আগস্ট মোহন বাগান মুখোমুখি হবে ডায়মন্ডহারবার এফসি’র। কিবু ভিকুনার দল বিএসএফ’কে ৮ গোল দিয়েছে। তাই ডায়মন্ডের বিরুদ্ধে রক্ষণ মজবুত করেই মাঠে নামতে চাইবেন হোসে মোলিনা। তবে তার আগে বিএসএফ’কে গোলের বন্যায় ভাসাতে চান তিনি। এদিন দলের সঙ্গে দীর্ঘক্ষণ অনুশীলন করলেন মনবীর। এদিকে, কলকাতা লিগের গ্রুপ পর্বের শেষ চারটি ম্যাচ ঘরের মাঠে করার পরিকল্পনা রয়েছে সবুজ-মেরুন কর্তাদের। আইএফএ’র সঙ্গে প্রাথমিক কথাবার্তাও হয়েছে। তবে ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।