নিউ ইয়র্ক: ক্লাব বিশ্বকাপে দুরন্ত ছন্দে সৌদি ক্লাব আল হিলাল। শেষ ষোলোর লড়াইয়ে ম্যাঞ্চেস্টার সিটিকে হারিয়ে চমক দিয়েছে তারা। সেই ধারা বজায় রেখে এবার কোয়ার্টার ফাইনালেও জয় তুলে নেওয়াই লক্ষ্য সিমোনে ইনজাঘি-ব্রিগেডের। শেষ আটের লড়াইয়ে শুক্রবার আল হিলালের প্রতিপক্ষ ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনিজ। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে তারা বশ মানায় ইন্তার মিলানকে। তাই শুক্রবার আল হিলালের জন্য লড়াইটা মোটেই সহজ হবে না।
ক্লাব বিশ্বকাপের আসরে প্রথমবার খেলতে নেমে শুরুতেই শক্তিশালী রিয়াল মাদ্রিদকে রুখে দিয়েছিল তারা। তবে ম্যান সিটির বিরুদ্ধে টুর্নামেন্টের সেরা ম্যাচটি খেলে ইনজাঘি ব্রিগেড। ম্যাচের শুরুতে পিছিয়ে পড়েও ১২০ মিনিটের লড়াইয়ে ৪-৩ গোলে জিতে মাঠ ছাড়ে তারা। ফ্লুমিনিজের বিরুদ্ধে মাঠে নামার আগে সতর্ক আল হিলাল কোচ ইনজাঘি।
অপর কোয়ার্টার ফাইনালে পামেইরাসের মুখোমুখি হবে চেলসি। ইউরোপা কনফারেন্স লিগ জিতে ক্লাব বিশ্বকাপে খেলতে নেমেছিল ইপিএলের ক্লাবটি। গ্রুপ পর্বে ব্রাজিলের অপর ক্লাব ফ্ল্যামেঙ্গোর কাছে হারতে হয়েছিল দ্য ব্লুজ ব্রিগেডকে। সেই ধাক্কা কাটিয়ে অবশ্য তিউনিস ও বেনফিকার বিরুদ্ধে সহজ জয় পায় তারা। শেষ আটের লড়াইয়ের আগে অবশ্য গ্রুপ পর্বের হার থেকে শিক্ষা নিয়েই এগতে চাইছেন কোচ এনজো মারেস্কা।