শক্তি বাড়াচ্ছে আকভান, প্রভাব পড়বে না বাংলায়
  • ১৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ঘূর্ণিঝড় ‘আকভান’ শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে। আগামীকাল বৃহস্পতিবার সকাল নাগাদ এটি খুব তীব্র ঘূর্ণিঝড়ের (ভেরি সিভিয়ার সাইক্লোন) মাত্রা নেবে বলে কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে। শুক্রবার দুপুর নাগাদ আকভান অন্ধ্র উপকূলের নেলোর ও টুনির মধ্যবর্তী জায়গায় উপকূল অতিক্রম করবে বলে আবহাওয়া দপ্তর আশা করছে। সেইসময় হাওয়ার গতিবেগ ১২৫-১৩৫ কিলোমিটারের মধ্যে থাকবে। দমকা হাওয়ার গতিবেগ ১৪৫ কিলোমিটার ছুঁতে পারে। ঘূর্ণিঝড়ের প্রভাব সবথেকে বেশি পড়বে উপকূলীয় অন্ধ্র এলাকাতে। প্রবল হাওয়ার সঙ্গে  বৃহস্পতি ও শুক্রবার সেখানে  কোনও কোনও জায়গায় অত্যন্ত বেশি পরিমাণ বৃষ্টিপাত (একদিনে ২১০মিমি-র বেশি) হওয়ার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে। ওড়িশা, অন্ধ্রের রায়লসীমা, তেলেঙ্গানা, ছত্তিশগড়, মহারাষ্ট্রের বিদর্ভ এলাকা, পূর্ব মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ডের পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি হবে। অন্ধ্র, ওড়িশাতে ঘূর্ণিঝড় মোকাবিলায় আগাম ব্যবস্থা নেওয়া শুরু করেছে সেখানকার প্রশাসন। 

Advertisement

আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা হবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, ঘূর্ণিঝড় পশ্চিমবঙ্গ উপকূল থেকে অনেক দূরে থাকার জন্য এখানে কোনো সরাসরি প্রভাব পড়বে না। তবে পরোক্ষ প্রভাবের 
জন্য এখানে বায়ুপ্রবাহের গতিপ্রকৃতি কিছুটা পরিবর্তিত হবে। বৃষ্টির মেঘ তৈরি হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে। আজ বুধবার  উপকূল ও কাছাকাছি 
এলাকায় কোথাও কোথাও বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টি কিছুটা বাড়বে। দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলার কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। শনিবারও কোথাও কোথাও হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টির সম্ভাবনা আছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, দক্ষিণবঙ্গে টানা দীর্ঘসময় ধরে বৃষ্টি চলবে না, মাঝে মাঝে বৃষ্টি হবে। যেখানে শক্তিশালী মেঘ হবে সেখানেই বেশি পরিমাণে বৃষ্টি হয়ে যেতে পারে। রাজ্য লাগোয়া এলাকার সমুদ্রে মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা জারি করা হয়নি।  উপগ্রহ-চিত্রে ধরা পড়েছে ঘূর্ণিঝড়ের গতিবিধি (চিহ্নিত)। ছবি সৌজন্যে: আইএমডি