সংবাদদাতা, বহরমপুর: দেবীপক্ষের শুরুতে বহরমপুরের বানজেটিয়া অক্ষয় সমিতির মহিলা পরিচালিত দুর্গাপুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রামকৃষ্ণদেবের শাশ্বত বাণী ‘টাকা মাটি মাটি টাকা’ অক্ষয় সমিতির এবারের পুজোর থিম। মা সারদা রূপী দুর্গা অক্ষয় সমিতির নারিশক্তিকে প্রেরণা জোগাচ্ছে। আশ্রমের আঙ্গিকে সাজিয়ে তোলা হয়েছে পুজো মণ্ডপ। মণ্ডপ সজ্জায় মাটিকেই প্রাধান্য দেওয়া হয়েছে। আর গরদের শাড়িতে মা সারদে রূপে ফুটিয়ে তোলা হয়েছে দেবীদুর্গার স্নেহময়ী মাতৃরূপ। পুজো কমিটির সভাপতি জ্যোৎস্না দেবনাথ বলেন, পরমহংসদেব যা বলে গিয়েছেন সেটাই শাশ্বত, চিতন্তন সত্য। মাটিই মা। মাটি ছাড়া এ সংসারে বড় সত্য আর কিছু নেই। আমরা মণ্ডপ ও প্রতিমা সজ্জায় সেটাই তুলে ধরার চেষ্টা করেছি। সেই সঙ্গে এবার আলোকসজ্জাও দর্শকদের নজর কাড়বে।
বানজেটিয়া অক্ষয় সমিতির দুর্গা আরাধনার এবার ১৯তম বর্ষ। খুব স্বল্প পথ পরিক্রমাতেই দর্শনার্থীদের মনে ছাপ ফেলেছে অক্ষয় সমিতির মহিলা ব্রিগেড। গত তিন বছরের থিম ভাবনা বহরমপুর শহরে অক্ষয় সমিতির শারদোৎসবে অন্য মাত্রা লেগেছে। বৃন্ধাবনের প্রেমমন্দির, ইন্দোনেশিয়ার বালির স্বর্গমন্দির, মধ্যপ্রদেশের চৌষট্টি যোগিনী মন্দিরের থিম জেলার বাইরে সাড়া ফেলেছে। মহিলা পরিচালিত পুজো কমিটির এবারের অনন্য থিম ভাবনা ইতিমধ্যে ব্যপক সাড়া ফেলেছে। কাল্পনিক মন্দিরকে কেন্দ্র করে মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে মাটির চালাঘর বেষ্টিত আশ্রমের চালচিত্র। মণ্ডপ তৈরিতে প্রচুর মাটির কলসি, প্রদীপ ব্যবহার করা হয়েছে।
কমিটির সম্পাদিকা মিতালি চক্রবর্তী বলেন, আমাদের থিম যেহেতু ‘টাকা মাটি মাটি টাকা’ তাই আমরা মাটিকেই প্রধান উপাদান হিসেবে তুলে ধরেছি। মণ্ডপ সজ্জায় মাটির ব্যবহার বেশি হয়েছে। জীবনের আদি থেকে অন্ত মাটি ভিন্ন নয়।
অক্ষয় সমিতির পুজোয় এবার অন্যতম আকর্ষণ আলোকসজ্জা। উজ্জ্বল বর্ণময় আলোকসজ্জায় সাজানো হয়েছে মণ্ডপ ও রাস্তার দু’পাশ। আলোকসজ্জাও এবার দর্শকদের নজর কাড়বে। বিশাল আকারের দু’টি ঝাড়লণ্ঠন প্রধান আকর্ষণ।
ক্লাব সম্পাদক তপন মণ্ডল বলেন, গত কয়েক বছর ধরে অক্ষয় সমিতি দর্শকদের মণ্ডপে টানছে। ভিড় সামাল দিতে মহিলা কমিটির পাশাপাশি যুবদল তৎপরতার সঙ্গে কাজ করে আসছে। প্রশাসনেরও পূর্ণ সহযোগিতা আমরা পেয়ে আসছি। আশা করছি এবার আমারা সেরার দৌড়ে থাকব। রবিবার মহালয়ার দিন বিকেলে মুখ্যমন্ত্রী এই পুজোর ভার্চুয়াল উদ্বোধন করেন। অক্ষয় সমিতির মা সারদা রূপী মহিলা ব্রিগেড সবার নজর কেড়েছে।