ভোটের মুখে যোগী-গড়ে শক্তি প্রদর্শন অখিলেশের
  • ১৯ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লখনউ: উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনের এবারও প্রচারের হাতিয়ার হতে চলেছে রামমন্দির। তবে এবার অযোধ্যার মন্দিরে প্রণামি চুরির ইস্যুতে বিজেপিকে বিঁধতে প্রস্তুত বিরোধীরা। পালটা কৃষ্ণজন্মভূমি মথুরাকে অস্ত্র করে ভোটের ময়দানে নামতে চলেছে বিজেপিও। এই আবহেই আগামী ১২ ডিসেম্বর সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ যাদব অযোধ্যা সফর ঘিরে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে উঠেছে। ইতিমধ্যেই অখিলেশের এই সফরের তালিকায় যোগ হয়েছে বৃন্দাবন ও ইটাওয়ার কেদারেশ্বর শিব মন্দির। এরইমধ্যে বুধবার যোগী আদিত্যনাথের খাসতালুক গোরক্ষপুরে ২০ কিলোমিটার ‘পিডিএ রথযাত্রা’র মাধ্যমে শক্তি প্রদর্শন করলেন সপা প্রধান। যাত্রায় ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। বর্ণাঢ্য মিছিলে স্লোগান ওঠে, ‘সাতাশে ফিরছেন অখিলেশ’। পরে সোশ্যাল মিডিয়া পোস্টে অখিলেশ লিখেছেন, ‘গোরক্ষপুরের এই মিছিল থেকে স্পষ্ট বিজেপির পায়ের তলা থেকে মাটি সরছে। এবার ভোটে এখানে ৯টি আসনেই বিজেপিকে হারাবে গোরক্ষপুরের মানুষ।’ পালটা উপমুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্যের কটাক্ষ, ‘গোরক্ষপুর হোক বা সাইফাই, কিংবা লখনউ, সমাজবাদী পার্টি যেখানে ইচ্ছে মিছিল করুক। তাঁদের ভবিষ্যৎ অন্ধকার। আগামী দিনেও তা একই থাকবে।’ আগামী ২০ বছরেও অখিলেশ উত্তরপ্রদেশের ক্ষমতায় ফিরতে পারবেন না বলে দাবি করেছেন কেশব। 

Advertisement

এরইমধ্যে মেরুকরণের পালে হাওয়া জোগাতে কৃষ্ণজন্মভূমি মথুরা ইস্যুতে শান দিচ্ছে বিজেপি। আগামী ১৬ ও ১৭ নভেম্বর মথুরা নিয়ে একটি কৌশল নির্ধারণী বৈঠক রয়েছে পদ্ম শিবিরের। সেখানে যোগ দেবেন সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ বিজেপির শীর্ষ নেতারা। এই ইস্যুতে  সপা শিবিরের অস্বস্তি বাড়াতে তৎপর পদ্মশিবির। অখিলেশকে কেশবের কৌশলী আমন্ত্রণ, মথুরা এসে কৃষ্ণমন্দির নিয়ে করসেবা করে যান। অন্যদিকে, মথুরার সাংসদ হেমা মালিনীর আশ্বাস, ২০২৭ সালের তৃতীয়বার বিজেপি ক্ষমতায় ফিরলে ৬ মাসের মধ্যে কৃষ্ণজন্মভূমি সংক্রান্ত সমস্যার সমাধান করা হবে।  ছবি: পিটিআই