লন্ডন: রিকি পন্টিং বলছিলেন, বেন ডাকেটের জায়গায় তিনি থাকলে ঘুষি মারতেন! ইংল্যান্ডের সহকারি কোচ মার্কাস ট্রেসকোথিক আবার কনুই দিয়ে আঘাতের কথা বলেছেন। উভয়ের নিশানায় আকাশদীপ। আসলে শুক্রবার বেন ডাকেটকে আউট করার পর তাঁর কাঁধে হাত রেখে কিছু একটা বলতে দেখা যায় ভারতীয় পেসারকে। যদিও তাতে ঝামেলার কোনও আভাস ছিল না। তবে তাঁর এমন আচরণ ভালোভাবে নেননি বিশেষজ্ঞরা। অবশ্য তাতে বিব্রত নন বাংলা দলের পেসারটি। তিনি আসলে মাইন্ডগেম খেলেছেন ইংলিশ ব্যাটারদের সঙ্গে। যখন প্রতিপক্ষের ওপেনিং জুটি ক্রিজে সেট হয়ে গিয়েছিলেন, আকাশদীপ বারবার ইংলিশ ওপেনার বেন ডাকেটকে কিছু বলতে থাকেন। আর শেষ পর্যন্ত তাঁর বলেই আউট হন ডাকেট।
শুধু বোলিংয়ে নয়, ব্যাট হাতেও ইংল্যান্ডকে চাপে রাখলেন আকাশদীপ। নাইটওয়াচম্যান হিসেবে নেমে ৬৬ রানের অনবদ্য ইনিংস উপহার দেন তিনি। টেস্টে এটাই তাঁর সর্বাধিক রানের ইনিংস। তৃতীয় উইকেটে যশস্বী জয়সওয়ালের সঙ্গে জুটিতে তোলেন করেন মূল্যবান ১০৭ রান। তাতেই ব্যাকফুটে ইংল্যান্ড। মজার বিষয়, এদিন আকাশদীপ যখন ব্যাট করছিলেন ডাকেট এসে তাঁর কাঁধে হাত রেখে কিছু একটা বলছিলেন। তাতে যদিও আকাশদীপের ব্যাটিংয়ে কোনও প্রভাব পড়েনি। উল্টে কেরিয়ারের প্রথম টেস্ট অর্ধশতরান হাঁকান। ৯৪ বলে তাঁর ৬৬ রানের ইনিংস সাজানো ছিল ১২টি বাউন্ডারিতে। সেই সুবাদে বিশ্বের দ্বাদশ ক্রিকেটার হিসেবে ইংল্যান্ড সফরে ১০ উইকেটের পাশাপাশি অর্ধশতরানের কৃতিত্ব দেখিয়েছেন তিনি। নাম লেখিয়েছেন ইমরান খান, শেন ওয়ার্ন, রিচার্ড হেডলিদের তালিকায়।