নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: আজ, বুধবার থেকে বর্ধমানে শুরু হচ্ছে ভারত সংস্কৃতি উৎসব। ২২ ডিসেম্বর পর্যন্ত টাউনহল ময়দানে এই উৎসব চলবে। মঙ্গলবার বিকেলে উৎসব কমিটির পক্ষে সাংবাদিক বৈঠক করে জানানো হয়েছে, বুধবার সকালে উৎসবের সূচনায় ‘সাংস্কৃতিক চেতনা পদযাত্রা’ করা হবে। টাউনহল ময়দান থেকে পদযাত্র শুরু হবে। বিকেলে ভারত সংস্কৃতি উৎসবের উদ্বোধন হবে। পরের দিন অর্থাৎ ১৯ডিসেম্বর সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভরতনাট্যম ও মণিপুরী নৃত্যর প্রতিযোগিতা হবে। টাউনহল প্রেক্ষাগৃহ ছাড়া মিউনিসিপাল বয়েজ স্কুল ময়দান, জিমন্যাসিয়াম হল, অরবিন্দ স্টেডিয়াম এবং সংস্কৃতি লোকমঞ্চে কর্মসূচি থাকছে। এই উৎসবে ২২টি রাজ্য ও বিশ্বের ১০টি দেশের প্রায় তিন হাজার ২৫জন প্রতিযোগী অংশগ্রহণ করবেন।
এদিন বিকেলে সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক পণ্ডিত প্রসেনজিৎ পোদ্দার, কার্যকরী সভাপতি অরূপ দাস। প্রসেনজিৎবাবু বলেন, এবছর প্রতিযোগীর সংখ্যা বেড়েছে। বর্ধমানে ১৬ বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। উদ্বোধনের দিন সকালে বর্ণাঢ্য প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শহরের সংস্কৃতিপ্রেমীরা তাতে পা মেলাবেন।



