Bartaman Logo
২৭ মে, ২০২৬
বর্তমান / রাজ্য

আজ ও কাল দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে

আজ ও কাল দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে
  • ২০ ডিসেম্বর, ২০২৪ ০০:০০
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বঙ্গোপসাগরের নিম্নচাপ ও পশ্চিমী ঝঞ্ঝার জোড়া প্রভাবে আজ শুক্রবার ও কাল শনিবার দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হাল্কা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টি হতে পারে। উপকূলবর্তী দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টি হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং দুই বর্ধমান জেলার কিছু জায়গায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরবঙ্গের দার্জিলিং ও কালিম্পং জেলায় শনিবার বৃষ্টি ও উঁচু এলাকায়  তুষারপাত হতে পারে। রবিবার থেকে তাপমাত্রার পতন শুরু হবে বলে আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা এইচ আর বিশ্বাস জানিয়েছেন। বৃষ্টির পরিমাণ যেহেতু খুব বেশি হবে না তাই আবহাওয়া দপ্তর চাষবাসের ক্ষতির ব্যাপারে কোনও সতর্কবার্তা দেয়নি। 
Advertisement
বঙ্গোপসাগরের নিম্নচাপটি অন্ধ্রপ্রদেশ উপকূল বরাবর অগ্রসর হবে। এর প্রভাবে জলীয় বাষ্পপূর্ণ উষ্ণ পুবালি বাতাস প্রবেশ করবে দক্ষিণবঙ্গের বায়ুমণ্ডলে। অন্যদিকে উত্তুরে শীতল শুষ্ক হাওয়া বিহার-ঝাড়খণ্ডের দিক থেকে আসছে। দুটি বিপরীতধর্মী হাওয়ায় মিশে কোনও কোনও জায়গায় বৃষ্টির মেঘ তৈরি হবে। শুক্রবার বিকেল থেকে শনিবার বিকেল পর্যন্ত সময়ে দক্ষিণবঙ্গে বৃষ্টিব সম্ভাবনা বেশি। আকাশ মেঘলা থাকলেও সর্বত্র বৃষ্টি নাও হতে পারে। ইতিমধ্যে কলকাতাসহ দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা বাড়ছে। বৃহস্পতিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা (১৬ ডিগ্রি সেলসিয়াস) স্বাভাবিকের থেকে সামান্য বেশি ছিল। জেলাগুলিতে বিশেষ করে পশ্চিমাঞ্চলে অবশ্য কনকনে শীতের আমেজ আছে। পুরুলিয়াতে এদিনও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৫ ডিগ্রি। পশ্চিমাঞ্চলের অন্যসব জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ থেকে ১২ ডিগ্রির আশপাশে ছিল। উত্তর ভারতের কিছু জায়গায় ইতিমধ্যেই শৈত্যপ্রবাহের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর। পশ্চিমী ঝঞ্ঝা সরে গেলে উত্তুরে হাওয়া সক্রিয় হয়ে দক্ষিণবঙ্গে তাপমাত্রা কমবে। 
সম্পর্কিত সংবাদ