উড়োজাহাজ
উড়োজাহাজ
অয়ন বন্দ্যোপাধ্যায়
উড়োজাহাজ চেপেই আমি কাল যাব লন্ডন,
পরশু যেতে অস্ট্রেলিয়ায় চাইবে তো এই মন।
তরশু ভোরের উড়ান চড়ে গেলুম হনলুলু,
গেল হপ্তায় নাইরোবিতে, পশুরাজের মুলুক—
তার আগে ঠিক ঢুঁ মেরেছি মিউনিখে-বার্লিনে,
চিনেও গেছি ক’টার ফ্লাইট উড়িয়ে নেবে ‘চীনে’—
প্ল্যানিং আছে পরের উইক আমাজনের দেশ,
আমার আবার বনজঙ্গল পুরনো অভ্যেস।
আসছে মাসে সাইবেরিয়ায়— ধুধু বরফ শুধু...
জুলাই এলে মিশর— পিরামিড আর বালি সুদূর...
হুট বলতেই কলম্বো, হ্যাঁ, পাট বলতেই ঢাকা,
ঘুমের মাঝেও উড়তে থাকা, ক্যানসেল ‘চারচাকা’—
পাশ ফিরলেই সিমলা-কুলু, তাকালে জয়পুর,
চওড়া ডানা ছাঁটবে এমন নেই কোনো শত্তুর!
হাওয়ার বেগে এদেশ-বিদেশ, মস্ত ভূপর্যটক—
যখন-তখন বিমান ধরা? ভীষণ প্রিয় ও’ শখ!
লটবহরের প্রয়োজন কই, নেই পাসপোর্ট-ভিসা,
ইচ্ছে হলেই জমাই পাড়ি যেকোনো দিক-দিশা...
না, সত্যি নয় উড়োজাহাজ, বোয়িং ইলেভেন—
কাগজ-মুড়ে-তৈরি আমার ছোট্ট এরোপ্লেন!