নয়াদিল্লি: ভারতে নির্ধারিত সময়ের আগেই জন্ম নিয়েছে ১৩ শতাংশ শিশু। জন্মকালে ১৭ শতাংশ নবজাতক ওজন স্বাভাবিকের থেকে বেশ কিছুটা কম। সবকিছুর জন্য দায়ী বায়ুদূষণ। ২০১৯-২০২১ সালের স্বাস্থ্য সমীক্ষায় এমনই চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যা নিয়ে রীতিমতো উগ্বিগ্ন বিশেষজ্ঞ মহল।
অন্তঃসত্ত্বা থাকাকালীন বায়ুদূষণের সংস্পর্শে এলে প্রসবের সময় একাধিক সমস্যা দেখা দেয়। সম্প্রতি এবিষয়ে বিস্তারিত গবেষণা চালিয়েছে আইআইটি দিল্লি, মুম্বইয়ের ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর পপুলেশন সায়েন্সেস। সঙ্গে ছিল ব্রিটেন ও আয়ারল্যান্ডের একাধিক প্রতিষ্ঠান। জাতীয় পারিবারিক স্বাস্থ্য সমীক্ষা-৫ সহ একাধিক স্বাস্থ্য রিপোর্ট খতিয়ে দেখা হয়। গবেষণায় জানা গিয়েছে, বাতাসে ভাসমান দূষণকারী ধূলিকণার মাত্রা পিএম ২.৫ হলেই সমস্যা তৈরি হচ্ছে। জীবাশ্ম জ্বালানি এর অন্যতম উৎস। অতিরিক্ত মাত্রায় এই ধূলিকণা অন্তঃসত্ত্বাদের শরীরে প্রবেশ করলেই বিপদ। এর জেরেই জন্মের সময় ৪০ শতাংশ শিশুর ওজন কমে গিয়েছে। অন্যদিকে নির্ধারিত সময়ের আগেই জন্ম নিয়েছে ৭০ শতাংশ শিশু। তবে শুধু ধূলিকণার মাত্রা নয়। বর্ষা ও তাপমাত্রার কারণেও প্রসবের সময় অস্বাভাবিকতা লক্ষ্য করা যাচ্ছে। পিএলওএস গ্লোবাল পাবলিক হেল্থ জার্নালে প্রকাশিত রিপোর্টে তথ্য তুলে ধরেছেন বিশেষজ্ঞরা। জানা গিয়েছে, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থান ও দিল্লিতে নির্ধারিত সময়ের আগে জন্মের হার সবথেকে বেশি।