নয়াদিল্লি: বিশ্বজুড়ে বিমান পরিষেবায় কালো মেঘ। নেপথ্যে নতুন করে ইজরায়েল-ইরান সংঘাত। শুক্রবার ইরানের পরমাণু কেন্দ্র সহ একাধিক স্থানে হামলা চালিয়েছে ইজরায়েলের বোমারু বিমান। তারপরে দেশের আকাশসীমা বন্ধ রাখার কথা ঘোষণা করে দেয় তেহরান। অঘটন এড়াতে পড়শি দেশ ইরাক, জর্ডনও আকাশসীমা বন্ধ রেখেছে। তার প্রভাব পড়েছে ভারতের আন্তর্জাতিক উড়ান পরিষেবায়। এয়ার ইন্ডিয়ার লন্ডনগামী একটি বিমান তিন ঘণ্টা আকাশে চক্কর কাটার পর মুম্বইতে ফিরে আসতে বাধ্য হয়। পরিবর্তিত পরিস্থিতিতে একাধিক বিমানের যাত্রাপথ বদলানো হয়েছে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, ১৬টি বিমানের যাত্রাপথ পরিবর্তন কিংবা ফিরিয়ে আনা হয়েছে। ইরানের আকাশসীমা এড়াতে নিউ ইয়র্ক থেকে দিল্লি, মুম্বইগামী দু’টি বিমানকে শারজা ও জেড্ডা এবং লন্ডন থেকে মুম্বইগামী এয়ার ইন্ডিয়ার আরও একটি বিমানকে ভিয়েনা দিয়ে ঘুরিয়ে আনা হচ্ছে। অন্যদিকে দিল্লি থেকে নিউ ইয়র্ক ওয়াশিংটন ও টরেন্টোগামী বিমানকে ফিরিয়ে আনা হয়েছে।



