নিজস্ব প্রতিনিধি, তমলুক: বারাকপুরের পুলিস কমিশনার অলোক রাজোরিয়ার নাম ভাঙিয়ে এক পুলিস অফিসারকে প্রতারণা করল সাইবার অপরাধীরা। প্রতারিত পূর্ব মেদিনীপুর জেলা পুলিসের এএসআই টিকারাম হাঁসদা তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে কর্মরত। গত ১২ জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলা পুলিসের কন্ট্রোল রুমের নম্বর থেকে একটি ফোনকল পান ওই অফিসার। একটি ফোন নম্বর দিয়ে বলা হয়, সেটি বারাকপুরের পুলিস কমিশনারের নম্বর। কিছুক্ষণের মধ্যে তিনি ফোন করবেন। তাঁর এক আত্মীয় অসুস্থ। তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করাতে হবে। অপেক্ষা না করে টিকারামবাবু নিজে ওই নম্বরে ফোন করেন। অপরপ্রান্ত থেকে ব্যক্তি নিজেকে অলোক রাজোরিয়া বলে পরিচয় দেয়। এও জানায়, ওই আত্মীয়কে একটি নার্সিংহোমে ভর্তি করাতে হবে। এখন টাকার প্রয়োজন। একটি ফোন পে নম্বর দিয়ে সেখানে ১০ হাজার টাকা পাঠাতে বলা হয়। বিশ্বাস করে ১০হাজার টাকা ফোন পে করে দেন ওই এএসআই। তারপরই জানতে পারেন, গোটাটাই ভুয়ো।



