Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

লক্ষ্য ছাব্বিশের নির্বাচন, এবার বিধানসভা ভিত্তিক কর্মিসভায় জোর তৃণমূলের

ছাব্বিশের বিধানসভা ভোটের এখনও এক বছর বাকি থাকলেও, নির্বাচনী রণডঙ্কা বেজে গিয়েছে বাংলার রাজনৈতিক পরিমণ্ডলে।

লক্ষ্য ছাব্বিশের নির্বাচন, এবার বিধানসভা ভিত্তিক কর্মিসভায় জোর তৃণমূলের
  • ৭ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ছাব্বিশের বিধানসভা ভোটের এখনও এক বছর বাকি থাকলেও, নির্বাচনী রণডঙ্কা বেজে গিয়েছে বাংলার রাজনৈতিক পরিমণ্ডলে। তৃণমূল-বিজেপির রাজনৈতিক তরজায় ক্রমেই চড়ছে ভোটের পারদ। আর এই আবহে কার্যত ভোটের দামামা বাজিয়ে দিয়েছে উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর-দমদম সাংগঠনিক জেলা। এক নাগাড়ে চলছে বিধানসভা ভিত্তিক কর্মিসভা। বিষয়টি নজরে এসেছে দলের শীর্ষ নেতৃত্বের কাছে। আগামী দিনে বারাকপুর-দমদম মডেলেই রাজ্যের বাকি জেলাগুলিতেও কর্মিসভার আয়োজন করা হচ্ছে।

Advertisement

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বঙ্গ সফরের পর থেকে বাংলার রাজনৈতিক পরিমণ্ডল সরগরম। বাংলার সরকারের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ মোদি এনেছিলেন, তার জবাব দিতে দেরি করেননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তথ্য দিয়ে মোদিকে জবাব দিয়েছেন মমতা। উন্নয়নের নিরিখে মমতার দেওয়া ওই বক্তব্য আলিপুরদুয়ার জেলাজুড়ে প্রচার করার কর্মসূচি নিয়েছে তৃণমূল। উত্তরের রাজনীতির এই উত্তাপ এসে পৌঁছেছে দক্ষিণবঙ্গেও। ২৬’এর বিধানসভা ভোটকে মাথায় রেখে প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূলের বারাকপুর-দমদম সাংগঠনিক জেলা। প্রত্যেকটি বিধানসভায় তৃণমূলের কর্মিসভার আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে আমডাঙা, নৈহাটি, কামারহাটি, দমদম, দমদম উত্তর, নোয়াপাড়া, বিজপুর বিধানসভা এলাকায় কর্মিসভা হয়েছে। বাকি জায়গাগুলিতেও পর্যায়ক্রমে হবে। দলের কর্মীদের একত্রিত করে সাংঠনিক পরিসরে সভার আয়োজন করার বিষয়টি তৃণমূলের শীর্ষ নেতৃত্বের নজর কেড়েছে। ঘটনাচক্রে উত্তর ২৪ পরগনার বারাসত, বনগাঁ কিংবা বসিরহাটে এখনও কর্মিসভা শুরু হয়নি। সেখানে এক ধাপ এগিয়ে বারাকপুর-দমদম। 
সামনেই ২১ জুলাই। তৃণমূলের সবথেকে বড় কর্মসূচি শহিদ দিবস পালন। যার প্রস্তুতি পুরোমাত্রায় দিন কয়েকের মধ্যে শুরু হয়ে যাবে। জেলায় জেলায় বার্তা পৌঁছাবে রাজ্য নেতৃত্বের তরফে। কিন্তু বারাকপুর-দমদম তৃণমূলের সাংগঠনিক জেলা এখন থেকেই ২১ জুলাইয়ের বার্তা পৌঁছে দিচ্ছে কর্মিসভা থেকে। ছাব্বিশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের এই ২১ জুলাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বারাকপুর-দমদম সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক বলেন, সকলকে নিয়ে সংগঠনকে শক্তিশালী করে ছাব্বিশে রেকর্ড জয়’ই আমাদের লক্ষ্য।

Advertisement
সম্পর্কিত সংবাদ