Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

‘অবিলম্বে লিগ চালু করা উচিত এআইএফএফ-এর’

ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত মত বর্তমানের কাছে তুলে ধরলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ব্রুনো কুটিনহো।

‘অবিলম্বে লিগ চালু করা উচিত এআইএফএফ-এর’
  • ২১ ডিসেম্বর, ২০২৫ ১৭:১২
Prefer us on Google

বেহাল দশা এআইএফএফ’এর। ভারতীয় ফুটবলের অচলাবস্থা কাটাতে এগিয়ে এসেছিল ক্লাব জোট। কিন্তু তাদের আইএসএল আয়োজনের প্রস্তাবে মান্যতা দেয়নি ফেডারেশন। সুতরাং লিগ আয়োজন নিয়ে প্রশ্নচিহ্ন থাকছেই। তাতেও ভ্রুক্ষেপ নেই ফেডারেশন কর্তাদের। বরং তাঁরা ব্যস্ত গদি টিকিয়ে রাখতে। ভারতীয় ফুটবলের বর্তমান পরিস্থিতি নিয়ে ব্যক্তিগত মত বর্তমানের কাছে তুলে ধরলেন প্রাক্তন ভারতীয় ফুটবলার ব্রুনো কুটিনহো।

Advertisement

১৯৯৯ স্যাফ কাপ। গোয়াতে মালদ্বীপকে ২-১ ব্যবধানে হারিয়েছে ভারত। সেই ম্যাচে একটি গোল করেছিল বাইচুং। অপরটি এই অধমের। এখনও স্মৃতিতে টাটকা, ম্যাচ শেষে বিপক্ষ কোচ আমায় সেদেশে খেলার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু ভারতের জার্সিতে খেলা ছিল আমার কাছে গর্বের। তাই না বলতে দু’বার ভাবিনি। ফুটবলই আমায় প্রতিষ্ঠা দিয়েছে। কিন্তু এখন দেশের ফুটবলের প্রসঙ্গ উঠলেই মনটা ভারাক্রান্ত হয়ে যায়। ফিফা র‌্যাঙ্কিংয়ে ১৪২! দেশের লিগ পর্যন্ত বন্ধ! প্রাক্তন ফুটবলার হিসেবে সত্যিই কষ্ট হয়। 
এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, এমন অচলাবস্থার দায় কার? আমার জবাব, এআইএফএফ’এর। কারণ, ভারতীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা তারাই। লিগ ফেডারেশনেরই চালানোর কথা। প্রেসিডেন্ট কল্যাণ চৌবে নিজেও ফুটবলার ছিলেন। তাঁর তো অবস্থাটা আরও ভালো বোঝা উচিত। অবশ্য প্রশাসক হিসেবে তিনি কতটা দক্ষ? সেই বিষয়ে মন্তব্য করতে চাইছি না। কিন্তু আমার সাফ কথা, ‘হোয়াটএভার ইট টেকস, স্টার্ট দ্য লিগ।’ নয়তো আবার ফুটবলে হস্তক্ষেপ করতে হবে সরকারকে। তখন ফিফা ব্যানের মুখে পড়তে হতে পারে। তার চেয়েও বড় ব্যাপার, লিগ শুরু না হলে ভারতীয় ফুটবলের ইকো সিস্টেমই নড়ে যাবে। প্লেয়ার, সাপোর্ট স্টাফ, মাঠ কর্মীদের বেতন, গ্রাসরুট ডেভেলপমেন্ট — সবকিছু থমকে যাবে। আগামী দিনে অভিভাবকরা ছেলে-মেয়েদের পায়ে ফুটবল তুলে দিতেও দু’বার ভাববেন। 
আমাদের সময়ে এত টাকার রমরমা ছিল না ঠিকই, কিন্তু লিগ নিয়মিত হত। ফ্লাইটে নয়, ট্রেনে করে খেলতে যেতাম। ফাইভ স্টার নয়, সাধারণ হোটেলে থাকতাম। তবুও ফুটবলটা তো চালু ছিল! তারপর এফএসডিএল এসে দেদার টাকা ওড়াল। এজেন্টরা পকেট ভরাল। কিন্তু লাভের লাভ লবডঙ্কা। আপনারাই বলুন, ভারতীয় ফুটবল কী আদৌও উন্নতি করেছে? এফএসডিএলকে’ও জবাবদিহি করতে হবে। ১০-১৫ বছর তাদের দেওয়া হয়েছিল। একটা প্রশ্ন, এতদিন প্রমোশন-রেলিগেশন ছিল না কেন আইএসএলে? ফুটবল খেলাটা শুধু মজা নয়, লড়াই। অবনমন বাঁচাতে, উন্নয়নের স্বার্থে লড়াই। তাই এমন লিগ চালু করা হোক, যেখানে ওঠানামা থাকবে। আমি তো বলব, আই লিগকেই শীর্ষ লিগ করা হোক। আর শুনলাম, ক্লাবজোট নাকি লিগ আয়োজন করতে চেয়ে চিঠি দিয়েছে। তারা কী টার্মস অ্যান্ড কন্ডিশন রেখেছে জানি না। সবকিছু পর্যালোচনা করে ফেডারেশন দ্রুত লিগ চালু করতে যা ব্যবস্থা নেওয়ার নিক।  
(মতামত লেখকের ব্যক্তিগত)

Advertisement
সম্পর্কিত সংবাদ