উড়ালপুলের নীচে গ্রন্থাগার তৈরির ভাবনা অগ্নিমিত্রার
  • ২০ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর ও কলকাতা: নিউটাউনে ফ্লাইওভারের নীচে এবার তৈরি হবে লাইব্রেরি। সঙ্গে থাকবে ক্যাফেটেরিয়া। এমন একটি পরিকল্পনার কথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এর পাশাপাশি গাছে গাছে পাখিদের জন্য খাবারের ব্যবস্থা করবেন বলেও জানিয়েছেন। বুধবার নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথিরিটির (এনকেডিএ) সঙ্গে বৈঠক হয় মন্ত্রীর। তার আগে গিয়েছিলেন সেক্টর ফাইভে এনডিআইটি দপ্তরে। সেখানেই এই পরিকল্পনার কথা জানান।

Advertisement

মন্ত্রী জানান, এনকেডিএ বড়ো এলাকা। ফ্লাইওভার, ব্রিজের নীচের অংশ উন্নত করার চেষ্টা করা হচ্ছে। মানুষ যাতে বই পড়তে পারেন সে জন্য সেখানে লাইব্রেরি করা হবে। বাঙালির বই পড়ার অভ্যাস আছে। অনেক সময় টিভি, মোবাইলের জন্য পড়া হয় না। পড়ার ইচ্ছা থাকলেও সুযোগ নেই। অফিস ফেরত মানুষ বই পড়তে পারবেন এই লাইব্রেরিতে। অনেকে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন। কিন্তু বই কেনার সামর্থ্য নেই। তাঁদের জন্য এখানে সুযোগ থাকবে। সকালবেলা ওই জায়গায় ক্রেশের কাজ হবে। দুপুরে হয়ত লাইব্রেরি হবে। সন্ধ্যায় পিকলবল খেলা হবে। আবার লাইব্রেরির সঙ্গে একটা ক্যাফেটেরিয়াও থাকবে। বেশি কিছু নয়, হয়ত চা,কফি আর স্যান্ডউইচ থাকল। টেবল টেনিস কোর্টও হবে। সবটাই হবে মেম্বারশিপের ভিত্তিতে যাতে রক্ষণাবেক্ষণে সুবিধা হয়। এর পাশাপাশি সল্টলেক সেক্টর ফাইভে জল জমা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘পরের বছর যাতে জল না জমে তার জন্য এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। এজেন্সিকে দিয়ে গালিপিট, ড্রেন পরিষ্কারের কাজ করতে হবে। যারা দায়িত্বে রয়েছেন তাঁদের ঠিকমতো কাজ করতে হবে। ফুটপাতে লক্ষ রাখতে হবে। যাতে কোথাও পেভার ব্লক উঁচু-নীচু না হয়ে থাকে।’ অন্যদিকে সেক্টর ফাইভে এনডিআইটিএ অফিসে গিয়ে ফুটপাতের ধারে কেমন ধরনের স্টল করা হবে, সে মডেলও দেখেন তিনি।