নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: বিশ্বকর্মা পুজোর মাত্র দু’দিন আগে টিটাগড়ের লুমটেক্স জুটমিল বন্ধ হয়ে গেল। বিপদে পড়লেন ওই জুটমিলের ১২০০ শ্রমিক। মঙ্গলবার সকালে বন্ধের নোটিশ দেখে হতবাক শ্রমিকরা বিক্ষোভ দেখান কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরে তাঁরা জুটমিল চত্বরে থাকা একটি গোডাউন, বিখ্যাত সংস্থার গাড়ির সার্ভিস সেন্টার বন্ধ করে দেন। প্রবল উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি সামলাতে পুলিশ আসে।
জুটমিল শ্রমিকদের অভিযোগ, দশ মাস বন্ধ থাকার পর মাত্র গত বাইশে জুলাই লুমটেক্স জুটমিল চালু হয়। জুটমিলটি খোলার পর দুটো শিফটে শ্রমিকদের কাজ করতে হচ্ছিল। শ্রমিকদের বর্তমানে চারটি ‘ডিএ’ বাকি। বর্তমানে গণপতি উৎসব চলছে, দু’দিন পরে বিশ্বকর্মা পুজো। তার আগেই আচমকা জুটমিল বন্ধ করে দেওয়ায় চরম সমস্যায় পড়লেন শ্রমিকরা। পরে শ্রমিকরা জুটমিল চত্বরে থাকা একটি গাড়ির গোডাউন ও সার্ভিস সেন্টার বন্ধ করে দেন। এনিয়ে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়।
এ ব্যাপারে বারাকপুরের বিধায়ক কৌস্তভ বাগচি বলেন, শ্রমিকদের কথা ভাবা উচিত কর্তৃপক্ষের। শ্রমিকদেরও বলব, কোনো প্ররোচনায় পা দেবেন না। হঠকারী কোনো সিদ্ধান্ত নেবেন না। রাজ্য সরকারের উদ্যোগে এই মিলটি খোলা হয়েছিল। মিল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব। আশা করি কর্তৃপক্ষ শ্রমিকদের কথা ভাববে। নিশ্চয়ই মিলটি আবার খোলা হবে।