তেল আভিভ: ফ্লাইদুবাই কাণ্ডের জের। এবার পাকিস্তান সহ ৩১টি দেশের পাইলট ও বিমান কর্মীদের উপর নিষেধাজ্ঞা জারি করল ইজরায়েল। তালিকায় রয়েছে ইরান, ওমান, সৌদি আরব, টিউনিসিয়ার মতো একাধিক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। সংবাদমাধ্যম সূত্রে খবর, গত ১ অক্টোবর বিদেশি বিমান সংস্থাগুলিকে এই নিষেধাজ্ঞার কথা জানায় ইজরায়েলের পরিবহণ মন্ত্রক। সেখানে বলা হয়, যেসব দেশের সঙ্গে ইজরায়েলের কূটনৈতিক সম্পর্ক নেই সেখানকার নাগরিকরা কোনো বিদেশি বিমান সংস্থার পাইলট ও কর্মী হিসাবে ইজরায়েলের আকাশসীমায় প্রবেশ করতে পারবেন না। দ্বৈত নাগরিকত্ব থাকলেও এই নিয়ম প্রযোজ্য হবে। ইতিমধ্যে নেতানিয়াহুর দেশের এই নির্দেশ মানতে রাজি রয়েছে ফ্রান্সের বিমান সংস্থা এয়ার ফ্রান্স। সংবাদমাধ্যমকে তারা জানিয়েছে, ‘নির্দিষ্ট কর্মীদের এই নতুন নির্দেশের কথা জানানো হয়েছে।’ একই পথ অনুসরণ করছে মার্কিন বিমান সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স।



