ভিক্টর বাগ, কলকাতা: দেখতে দেখতে দশটা বছর পার করে ফেলল নেদারল্যান্ডসের ‘হৈচৈ’-এর দুর্গাপুজো। সেই ২০১৭ সালে গুটিকয়েক মানুষের হাত ধরে এই পুজোর যাত্রা শুরু। আর এখন সেই পুজোর জন্য মুখিয়ে থাকেন নেদারল্যান্ডসের প্রবাসী মানুষজন। এবার ১৬ অক্টোবর পঞ্চমীতে ঘট বসানোর মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হবে। চলবে ২০ অক্টোবর নবমী-বিজয়া দশমী পর্যন্ত। প্রতিমার এই আরাধনায় এবার যোগ হয়েছে বাড়তি রং। মঞ্চে গান শোনাবে ব্যান্ড লক্ষ্মীছাড়া। হাসাবেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান বং শর্ট। আর প্রতিদিন সন্ধেবেলা পুজো প্রাঙ্গণ মুখরিত হবে প্রবাসী শিল্পীদের নাচ-গান-নাটকের অনুষ্ঠানে।
শুধু দুর্গাপুজোর আয়োজনের মাধ্যমে বাঙালি হওয়া নয়। রসনাতেও থাকে বাঙালি তৃপ্তি। এবার হৈচৈ-এর পুজোয় থাকছে ইতিহাসের ছোঁয়া। পাল ও সেন যুগের দরবারি ইলিশ থেকে সুলতানি আমলের কষা মাংস। নবাবি বাগদা চিংড়ি। ইংরেজ আমলের ভোগের খিচুড়ি। শেষে ফিশ ফ্রাই। পাঁচ যুগের বাংলা একসঙ্গে। একই থালায়। দশ বছরের এই মাইলফলকে মণ্ডপের সাজেও থাকছে গল্প বলার চেষ্টা। থিম ‘ডাউন দ্য মেমোরি লেন’। প্রতিমা পর্যন্ত পৌঁছানোর রাস্তা জুড়ে ঝুলবে গত এক দশকের পুজোর ছবি। যেন হাঁটতে হাঁটতেই ফিরে দেখা যায় ফেলে আসা বছরগুলো।
পুজোর আয়োজন হয়েছে নেদারল্যান্ডসের উট্রেখট প্রদেশের নিউভেখেইন শহরেও। প্রায় ১০-১৫টি পরিবারের আন্তরিক উদ্যোগে গড়ে ওঠে ‘আলাপ’ নামে এক সংগঠন। উদ্যোক্তারা জানাচ্ছেন যে তাঁরা চেয়েছিলেন, বিদেশের মাটিতে এমন একটি পরিসর গড়ে তোলা, যেখানে বাংলার সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হবে প্রবাসের নতুন প্রজন্ম। এখানকার পুজো আয়োজনের প্রতিটি ক্ষেত্রেই স্বেচ্ছাসেবকদের আন্তরিক অংশগ্রহণ বিশেষভাবে নজর কাড়ে। ছোটোরা বাংলা গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে বাঙালিয়ানা এবং নিজেদের সাংস্কৃতিক শিকড়কে নতুন করে চিনতে শেখে। আর বড়রা খুঁজে পান দেশছাড়া জীবনে এক টুকরো বাংলাকে।
ফি বছরের মতোই এবারেও তিথি নক্ষত্র মেনে কানাডার ব্যারি শহরে পান্ডা বাড়ির দুর্গোৎসব সাড়ম্বরে পালিত হচ্ছে। এবারের পুজোর থিম—‘রুপোলি বাংলা’। ধানের ছড়ায়, পদ্মপাতায়, বধূর হাতের শাঁখা পলায়, রুপোলি নদীর রুপোলি শস্য ইলিশে, উঠোনের আলপনায় তুলে আনা হয়েছে আবহমান বাংলার সৌন্দর্য। সাধারণ উপকরণে, অ্যালুমিনিয়াম ফয়েলে এমবস করে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন মোটিফ, ঝাড়বাতি।
পুজোর আয়োজন হয়েছে কানাডার অন্টারিও প্রদেশের লন্ডন শহরে। আয়োজনে ‘উৎসব’ নামের সংস্কৃতি প্রেমি সংগঠন। ২০২৩ সালে শুরু হয় ‘উৎসব’-এর পথচলা। লক্ষ্য ছিল প্রবাসের মাটিতে শুধু দুর্গাপুজোর আয়োজন নয়, বরং বাঙালিদের জন্য এমন একটি মিলনমঞ্চ তৈরি করা যেখানে পুজোর পাশাপাশি বাংলা ভাষা, সংস্কৃতি, সংগীত, শিল্প ও ঐতিহ্য নতুন প্রজন্মের মধ্যেও পৌঁছে যাবে। এবার ২৪ ও ২৫ অক্টোবর অন্টারিওর লন্ডনে অনুষ্ঠিত হবে তাদের পুজো। এবারের আকর্ষণ কুমোরটুলির দুর্গাপ্রতিমা।



