ওয়াশিংটন: নবরাত্রি শুরুর আবহে আমেরিকায় হিন্দু মন্দিরে হামলার ছক কষার অভিযোগ। আমেরিকার ইলিনয়ের অরোরা এলাকায় একটি হিন্দু উপাসনালয়কে নিশানা করার পরিকল্পনার অভিযোগে ১৯ বছরের এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতের নাম আলেকজান্দ্রোস পাপোরাকিস। তাঁর কাছ থেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী মতাদর্শে লেখা একটি ইস্তেহার উদ্ধার করা গিয়েছে। যার মধ্যে ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে হিংসার উল্লেখও রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা। উৎসব শুরুর আবহে এই ঘটনাকে কেন্দ্র করে উদ্বেগ ছড়িয়েছে।
জানা গিয়েছে, এক ব্যক্তির কাছ থেকে গণহামলার পরিকল্পনার অভিযোগ পাওয়ার পর অভিযুক্ত পাপোরাকিসের বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়। অভিযোগ তিনি ওই ব্যক্তির সঙ্গে একটি নথি ভাগ করেছিলেন, যেখানে গণহামলার পরিকল্পনার উল্লেখ ছিল। পাশাপাশি রাইফেল, রাইফেলের ম্যাগাজিন, বডি আর্মার এবং বিভিন্ন সামরিক সরঞ্জামের ছবিও পাঠানো হয়েছিল বলে দাবি তদন্তকারী দলের। পুলিশের অনুমান গত ১১ অক্টোবর রবিবার অরোরা এলাকার একটি হিন্দু উপাসনালয়কে সম্ভাব্য নিশানা করে হামলার পরিকল্পনা করেছিলেন এই অভিযুক্ত। তবে ঠিক কোন উপাসনালয় তাঁর নিশানায় ছিল, তা এখনও তদন্তাধীন। পুলিশের আরও দাবি, অভিযুক্ত তাঁর টাকো বেল রেস্তরাঁর সহকর্মীদের জানিয়েছিলেন, রবিবার একটি বিশেষ দিন হতে চলেছে। এরপর ওই দিনই এক সহকর্মীকে ফোন করে তিনি জানান, তাঁর বন্দুক আটকে গিয়েছে এবং তিনি কাউকে কিছু বুঝতে না দিয়ে দ্রুত সেখান থেকে চলে গিয়েছেন বলে অভিযোগ। পুলিশ আরও জানায়, ১১ অক্টোবর সন্ধ্যায় পালাটাইন ও মাউন্ট প্রসপেক্ট পুলিশের যৌথ তৎপরতায় নিজের বাড়ি থেকে বেরোনোর সময় পাপোরাকিসকে আটক করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে একটি রাইফেল, একাধিক ভর্তি রাইফেল, ম্যাগাজিন, কয়েকশো রাউন্ড অতিরিক্ত গুলি, সামরিক কৌশলগত সরঞ্জাম এবং অন্যান্য সন্দেহজনক সামগ্রী উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে একটি বডি আর্মার-সহ ট্যাকটিক্যাল ভেস্টও। অন্যদিকে অভিযুক্তের লেখা একটা নথির শিরোনাম ছিল ভারতীয় বংশোদ্ভূতদের বিরুদ্ধে হিংসার উল্লেখ। এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে সন্ত্রাসবাদী হুমকি দেওয়া এবং বেআইনিভাবে অস্ত্র রাখার অভিযোগে একটি মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি আরেকটি অভিযোগে ১৬ ইঞ্চির কম দৈর্ঘ্যের ব্যারেলযুক্ত রাইফেল রাখার বিষয়টিও যুক্ত রয়েছে। তদন্তে এফবিআইও সহযোগিতা করছে। প্রয়োজনে আরও অভিযোগ আনা হতে পারে বলে জানিয়েছে তদন্তকারী দল। অপরদিকে অরোরা, পালাটাইন ও মাউন্ট প্রসপেক্ট এলাকার হিন্দু উপাসনালয়গুলিকে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পালাটাইন পুলিশের প্রধান জানিয়েছেন, এই ধরনের হুমকির গুরুত্ব কোনোভাবেই খাটো করে দেখা যায় না। দ্রুত তথ্য আদানপ্রদান এবং দুই পুলিশ বিভাগের সমন্বিত পদক্ষেপের ফলেই অভিযুক্তকে শনাক্ত করে গ্রেফতার করা সম্ভব হয়েছে বলে তাঁর দাবি। গতকাল বুধবার কুক কাউন্টির থার্ড মিউনিসিপ্যাল ডিস্ট্রিক্ট আদালতে অভিযুক্তকে হাজির করা হয়। বিচারক তাঁকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আগামী ৩০ অক্টোবর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে।



