সংবাদদাতা, পতিরাম: ভিক্ষা করতে গিয়ে পথ ভুলে বালুরঘাটে এসেছিলেন মুর্শিদাবাদ জেলার কান্দির এক মহিলা। বালুরঘাটে এসে রান্না করতে গিয়ে অগ্নিদগ্ধ হয়েছিলেন। তারপর থেকেই অজ্ঞান। আফিয়া বেগম নামে ওই মহিলাকে পরে ২৫ জানুয়ারি বালুরঘাট জেলা হাসপাতালে ভর্তি করা হয়। চলে চিকিৎসা। জ্ঞান ফিরলেও আফিয়ার বাড়ির খোঁজ মিলছিল না। তিন মাসের বেশি হাসপাতালেই ভর্তি ছিলেন। পুলিস ওই মহিলার বাড়ি খোঁজ করেও পায়নি। হাসপাতালের চিকিৎসক ও কর্মীরাই খোঁজখবর নিয়ে ওই মহিলার বাড়ি ও পরিবারকে খুঁজে পান। শুক্রবার ওই মহিলাকে সুস্থ করে বাড়ি পাঠানোর ব্যবস্থা করল বালুরঘাট জেলা হাসপাতাল কর্তৃপক্ষ।দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের ওয়ান স্টপ সেন্টারের মাধ্যমে ওই মহিলার হাতে মিষ্টি এবং শাড়িও তুলে দেওয়া হয়। ডাক্তার ও নার্সদের দেখভালে খুশি মহিলার পরিবার। বালুরঘাট জেলা হাসপাতাল সুপার কৃষ্ণেন্দু বিকাশ বাগ জানান, হাসপাতালে ভর্তি হওয়ার সময় ওই মহিলার জ্ঞান ছিল না।



