- নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: গত সাড়ে তিনমাস ধরে লুকোচুরির পর ধরা পড়ল এলাকার ‘ত্রাস’। রবিবার রাতে জলপাইগুড়ি সদর ব্লকের ভান্ডিগুড়ি চা বাগানে ধরা পড়ল চিতাবাঘ।
গত ১৯ এপ্রিল ভান্ডিগুড়ি চা বাগানের ৬০ নম্বর সেকশনে কীটনাশক স্প্রে করছিলেন বছর চল্লিশের ঝুটুং ওরাওঁ। এমন সময় ঝোপের আড়ালে লুকিয়ে থাকা পেল্লাই সাইজের একটি চিতাবাঘ ঝাঁপিয়ে পড়ে তাঁর উপর। আচমকা চিতাবাঘের হামলায় খানিকটা ঘাবড়ে যান ওই শ্রমিক। কিন্তু হাল ছাড়েননি তিনি। কয়েক মিনিট ধরে রীতিমতো চিতাবাঘের সঙ্গে লড়াই চলে ওই শ্রমিকের। পাশেই বাগানের অন্য সেকশনে তখন পাতা তোলার কাজ চলছিল। বিষয়টি টের পেতেই চিৎকার চেঁচামেচি শুরু করে দেন বাকি শ্রমিকরা। এরপরই চিতাবাঘটি ঝুটুংকে ছেড়ে দিয়ে বাগানের ঝোঁপের মধ্যে লুকিয়ে পড়ে। চিতাবাঘের হামলায় মারাত্মকভাবে জখম হন ওই চা শ্রমিক। তাঁর গলায় থাবা বসিয়ে মাংস খুবলে নেয় চিতাবাঘ। এরপর থেকেই ওই এলাকায় চিতাবাঘের আতঙ্ক গ্রাস করে। বেশ কয়েকদিন চা বাগানে ঠিকমতো কাজ হয়নি। রাত জেগে পাহারা দিতে শুরু করেছিলেন চা বাগানের শ্রমিকরা।



