রাজদীপ গোস্বামী, খড়্গপুর: ‘ভারতবর্ষে ৫০ বছর আগে একটি কোম্পানি এসেছিল। ওরা সেমি কনডাক্টর বানাতে এসেছিল। কিন্তু, তাদের লাল ঝান্ডা দেখিয়ে ফিরিয়ে দেওয়া হয়। এটাই লাল ঝান্ডার কাজ।’ ‘দিমাগি নকশাল’ চিহ্নিত করার ডাক দেওয়ার পর শনিবার খড়্গপুর আইআইটির প্লাটিনাম জুবিলি উদ্যাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এভাবেই ফের বামেদের কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ইন্দিরা গান্ধীর আমলে গরিবি হটানোর প্রসঙ্গ তুলে ধরে কংগ্রেসকেও একহাত নেন মোদি। তিনি বলেন, ভারত বলছে ব্রেক দ্য লিমিট, আনলক দ্য পসিবিলিটিস। এর কিছু উদাহরণ আমি দেব। ২০বছর আগে পর্যন্ত আমাদের দেশে দারিদ্রকে এক চিরস্থায়ী সমস্যা ধরা হত। পাঁচ দশক আগে লালকেল্লা থেকে গরিবি হটানোর স্লোগান উঠত। কিন্তু, এরপর যখন নীতি বিষয়ে কাজ শুরু হত, তখন পুরো সিস্টেম শুধু ফাইল বানাতে বসে পড়ত। আমরা যখন সরকারে এলাম, তখন পরিস্থিতি এমনই ছিল। দেশ আজ দেখছে, ওয়ার্ল্ড ব্যাংকের খবর আপনারা নিশ্চই পড়েছেন। ওয়ার্ল্ড ব্যাংক বলছে, গত ১২-১৩ বছরে ভারতে ৫০ কোটি মানুষ দারিদ্রমুক্ত হয়েছে। এটা ছোটো পরিবর্তন নয়। তাঁর কথায়, চ্যালেঞ্জকে চ্যালেঞ্জ জানানোই আমার কাজ।
এদিন প্রাকৃতিক দুর্যোগের জেরে প্রধানমন্ত্রীর কপ্টার কিছুটা দেরিতে কলাইকুন্ডা এসে পৌঁছায়। সেখান থেকে গাড়িতে চেপে খড়্গপুর আইআইটিতে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর হাতে পটশিল্প, ঝাড়গ্রামের স্লেটশিল্পের কাজ তুলে দিয়ে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার, আইআইটির ডিরেক্টর সুমন চক্রবর্তী প্রমুখ।
গত ৭৫ বছরে আইআইটি খড়্গপুরের একাধিক সাফল্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এই সময়ের মধ্যে ভারতও ব্যাপক পরিবর্তনের সাক্ষী হয়েছে। গোরুর গাড়ি থেকে বুলেট ট্রেন, চিঠি থেকে সোশ্যাল মিডিয়ার বার্তা, দেশের পরিবর্তনের প্রতিটি পর্যায়ে প্রথম আইআইটি হিসাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে খড়্গপুরের এই প্রতিষ্ঠান। প্রায় আধ ঘণ্টার বক্তব্যে বাংলার ইতিহাস ও সংস্কৃতি তুলে ধরেন মোদি। তিনি বলেন, এই রাজ্য এমন এক ভূমি, যেখানে বহু চিন্তাধারা শক্তি পেয়েছে, জাতীয় আন্দোলনের জন্ম হয়েছে। আইআইটি খড়্গপুর গড়ে উঠেছে স্বাধীনতা সংগ্রামীদের একদা বন্দিশালার জমিতে। একসময় এই জায়গায় স্বাধীনতার জন্য লড়াই করা দেশপ্রেমিকদের অদম্য সাহসের সাক্ষী ছিল। আজ সেই একই ক্যাম্পাসে তরুণ প্রজন্মের উদ্ভাবন ও চিন্তাভাবনা আত্মনির্ভর ভারত
গড়ার শক্তি হয়ে উঠছে। আইআইটির পড়ুয়াদের উদ্দেশে মোদি
বলেন, নেশন ফার্স্ট বা দেশ সর্বাগ্রে এই মন্ত্র সামনে রেখে এগিয়ে যাওয়ার আহ্বান জানাচ্ছি। এই মানসিকতা নিয়ে কাজ করলে ব্যক্তিগত জীবনে
নতুন সুযোগ তৈরি হবে এবং দেশও উপকৃত হবে। স্বামী বিবেকানন্দের বাণী উদ্ধৃত করে বলেন, ‘ওঠো, জাগো এবং লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত থেমো না।’-নিজস্ব চিত্র



