Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

শিলিগুড়ির পর কোচবিহারের হোটেলেও এবার বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ

‘হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ’। শুক্রবার শিলিগুড়িতে এমন পোস্টার সাঁটলেন হোটেল মালিকরা। একইরকম সিদ্ধান্ত নিয়েছে কোচবিহারও।

শিলিগুড়ির পর কোচবিহারের হোটেলেও এবার বাংলাদেশিদের জন্য দরজা বন্ধ
  • ২৭ ডিসেম্বর, ২০২৫ ১৩:১২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি ও সংবাদদাতা, দেওয়ানহাট: ‘হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ’। শুক্রবার শিলিগুড়িতে এমন পোস্টার সাঁটলেন হোটেল মালিকরা। একইরকম সিদ্ধান্ত নিয়েছে কোচবিহারও। আজ, শনিবার এ বিষয়ে বৈঠকে বসেবেন আলিপুরদুয়ার হোটেল ব্যবসায়ীরা। অন্যদিকে, বাংলাদেশ ইস্যুতে শিলিগুড়িতে বিক্ষোভ অব্যাহত। এদিন শহরে বাংলাদেশের একটি ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায় একটি সংগঠন। 

Advertisement

২৪ ঘণ্টা আগেই বাংলাদেশিদের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা। বৃহস্পতিবারই তাঁরা ঘোষণা করেন, চিকিৎসা এবং পড়াশোনার জন্য এপারে আসা বাংলাদেশিদের আর রুম ভাড়া দেওয়া হবে না। এদিন হোটেল ব্যবসায়ীরা আরও কড়া অবস্থান নিয়েছেন।
খোদ গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়র অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জ্বল ঘোষ নিজের হোটেলের দরজায় বাংলাদেশিদের বিরুদ্ধে পোস্টার সাঁটিয়েছেন। সেখানে লেখা— হোটেলে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ। সংগঠনের যুগ্ম সম্পাদক বলেন, বাংলাদেশের বর্তমান সরকারের কার্যকলাপ আর মানা যাচ্ছে না। তাই বাংলাদেশিদের জন্য হোটেলের দরজা বন্ধ করেছি। শিলিগুড়ির পথে হেঁটেছেন কোচবিহার জেলার হোটেল মালিকরা। এদিন তাঁরা বিষয়টি নিয়ে বৈঠক করেন। পরে কোচবিহার হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ভূষণ সিংহ বলেন, এখানকার কোনও হোটেলে বাংলাদেশিদের রুম দেওয়া হবে না। আলিপুরদুয়ার টাউন হোটেল ওয়েলফেয়ার ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক বিষ্ণু ভৌমিক জানান, পদ্মাপাড়ের পরিস্থিতির উপর নজর রয়েছে। শনিবার বৈঠক করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। মালদহের হোটেল মালিকরাও সমগ্র পরিস্থিতির উপর নজর রাখছেন। এদিকে, বাংলাদেশি ভিসা আবেদন গ্রহণ কেন্দ্র, ফুলবাড়ি আন্তর্জাতিক স্থলবন্দরের পর এদিন শিলিগুড়ি শহরে রামকৃষ্ণ মোড়ে বাংলাদেশের একটি ব্যাংকের সামনে বিক্ষোভ দেখানো হয়। বাংলাদেশের প্রশাসনিক প্রধান মহম্মদ ইউনুসের কুশপুতুল দাহ করা হয়। বিক্ষোভকারী হিন্দুত্ববাদী সংগঠন জানিয়েছে, বাংলাদেশে ভারত বিরোধী বিদ্বেষ অব্যাহত। সেই দেশে সংখ্যালঘু হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে। এর প্রতিবাদে ওই দেশের সঙ্গে অর্থনৈতিক লেনদেন বন্ধ করার ডাক দেওয়া হয়েছে। সেজন্যই এখানে বাংলাদেশের ব্যাংকের সামনে বিক্ষোভ দেখানো হয়। সেই ব্যাংকে বাংলাদেশিদের হটিয়ে স্থানীয়দের নিয়োগের দাবি করা হয়েছে। একইসঙ্গে ওই দেশের সঙ্গে সমস্ত রকমের সম্পর্ক ছিন্ন করার দাবি ভারত সরকারের কাছে জানানো হবে। 
বাংলাদেশে খুন, লুট, অগ্নিসংযোগ চলছেই। ভারতের বিরুদ্ধে স্লোগানও অব্যাহত। এজন্য শিলিগুড়ি সহ উত্তরবঙ্গে প্রতিবাদের পারদ ঊর্ধ্বমুখী। হিন্দুত্ববাদী একাধিক সংগঠন এখানে বিক্ষোভ, পদযাত্রা, মশাল মিছিল করছে। তারা বাংলাদেশকে কড়া বার্তা দিতে চাইছে।   হোটেলের বাইরে পোস্টার লাগানো হচ্ছে।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ