নিজস্ব প্রতিনিধি, হাওড়া: শিবপুরে সোনার দোকানে ছিনতাইয়ের ঘটনার পর ফের হাওড়ায় স্বর্ণ ব্যবসায়ীদের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিল নিশ্চিন্দার দুঃসাহসিক চুরির ঘটনা। সোমবার গভীর রাতে নিশ্চিন্দার ঝিলপাড় এলাকায় একটি সোনার দোকানে হানা দিয়ে প্রায় সাত লক্ষ টাকার সোনা-রুপোর গয়না ও নগদ টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। পরপর দুই থানা এলাকায় এমন ঘটনায় স্বর্ণ ব্যবসায়ী মহলে আতঙ্ক ছড়িয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে দুষ্কৃতীরা দোকানের প্রায় ১০টি তালা কেটে ভিতরে ঢোকে। চুরির আগে কৌশলে দোকানের আশপাশে থাকা সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয় এবং বেশ কয়েকটির তার কেটে দেওয়া হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, কেউ যাতে টের পেয়ে ঘর থেকে বেরিয়ে না আসে, তারজন্য এলাকার কয়েকটি বাড়ির সদর দরজা দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। এরপর দোকানে ঢুকে দুষ্কৃতীরা প্রথমেই সিসি টিভি ভেঙে ফেলে। এরপর লুটপাট চালিয়ে সিসি ক্যামেরার হার্ডডিস্ক নিয়ে চম্পট দেয় তারা। সকালে মালিক দোকানে এসে দেখেন সর্বস্ব খোয়া গিয়েছে। কান্নায় ভেঙে পড়েন তিনি। ঘটনাস্থলে ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য খালি গয়নার বাক্স দেখে চুরির ব্যাপকতা স্পষ্ট হয়। চুরির ধরন দেখে এলাকাবাসীর ধারণা, দুষ্কৃতীরা বেশ কয়েকদিন ধরেই এলাকায় রেকি করেছে। কোথায় কোন দোকানে সিসি ক্যামেরা রয়েছে, কীভাবে ঢোকা যাবে, সবকিছুই তাদের জানা ছিল। ফলে কোনো দোকানের ভিতরে বা বাইরের ক্যামেরায় দুষ্কৃতীদের ছবি ধরা পড়েনি।
নিশ্চিন্দা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। এলাকার স্বর্ণ ব্যবসায়ীদের অভিযোগ, গত দেড় থেকে দু’মাসে একই কায়দায় আরও কয়েকটি সোনার দোকানে চুরি হয়েছে। বারবার লিখিত অভিযোগ জানালেও পুলিশ কাউকে ধরতে না পারায় ক্ষোভ বাড়ছে ব্যবসায়ীদের মধ্যে। প্রসঙ্গত, শনিবার রাতে শিবপুর থানার অদূরেই জনবহুল জি টি রোডে এক সোনার দোকানে ক্রেতা সেজে ঢুকে প্রায় ১৬ লক্ষ টাকার গয়না ছিনতাই করে পালায় এক দুষ্কৃতী। এখনও পর্যন্ত অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। নিজস্ব চিত্র