নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: সুন্দরবনের জল-জঙ্গলে প্রতি পদেই বিপদ। তার উপর নতুন করে আতঙ্ক ছড়াল গেছোবোড়া। কেউটে, কালাচ বা চন্দ্রবোড়ার বাড়বাড়ন্তের পাশাপাশি গেছোবোড়া বা গ্রিন পিট ভাইপার নিয়ে এখন চিন্তায় গ্রামবাসীরা। মাছ বা কাঁকড়া ধরতে যাঁরা জঙ্গলে যান, কিংবা কাঠ বা মধু সংগ্রহের জন্য যাঁরা প্রবেশ করেন, তাঁরাই মূলত আক্রান্ত হচ্ছেন এই সাপের ছোবলে। গত এক মাসে তিনজন গেছোবোড়ার কামড়ে আক্রান্ত হয়েছেন বলে খবর। সবুজ রঙের এই সাপ দেখতে খানিকটা লাউডগার মতো, তবে তুলনায় বেশ হৃষ্টপুষ্ট। মাথাটি তিনকোনা। গাছের ডালে পাতার ফাঁকে লুকিয়ে রাখে নিজেকে। নীচে দিয়ে কেউ গেলে আচমকা ছোবল মারে সেটি। তাই তাদের দংশনের দাগ সাধারণত দেখা যায় মানুষের মাথা বা মুখের অংশে। চিকিৎসকদের মতে, এই সাপের কামড়ের বিশেষত্ব হল, যেখানে দাঁত ফোটাবে, সেই অংশ ফুলে উঠবে। দ্রুত চিকিৎসা না করালে ধীরে ধীরে গোটা শরীর ফুলতে শুরু করে।



