গুয়াহাটি, ২৬ নভেম্বর: লজ্জা বললেও কম বলা হবে। দক্ষিণ আফ্রিকার কাছে ঘরের মাঠে কার্যত আত্মসমর্পণ করল গৌতম গম্ভীরের ছেলেরা। কলকাতার ইডেন গার্ডেন্সের পর অসমের গুয়াহাটিতেও প্রোটিয়াদের দাপটে মুখ থুবড়ে পড়ল ‘টিম ইন্ডিয়া।’ দীর্ঘ ২৫ বছর পর ভারতের মাটিতে কোনও টেস্ট সিরিজ জিতল দক্ষিণ আফ্রিকা। সৌজন্যে ভারতের দুর্বল বোলিং ও ব্যাটিং বিপর্যয়। দ্বিতীয় টেস্টে তেম্বা বাভুমাদের কাছে ৪০৮ রানে হারলেন ঋষভ পন্থরা। সবচেয়ে আশ্চর্যের বিষয়, স্পিনে দক্ষ বলেই পরিচিত ভারতীয় ব্যাটসম্যানরা।
কিন্তু সেই স্পিনেই জাদেজা, লোকেশ রাহুলদের বধ করল সিমন হারমের, মার্করাম, কেশব মহারাজরা। প্রথম ইনিংসে ২০১ ও দ্বিতীয় ইনিংসে ১৪০ রান। এই ছিল ভারতের সংগ্রহে। অপরদিকে দক্ষিণ আফ্রিকা ৪৮৯ ও ২৬০ রান করে। প্রথম ইনিংসে ফলো অন খাওয়া ভারতকে ব্যাট করতে না পাঠিয়ে নিজেরাই ফের ক্রিজে নামেন বাভুমরা। চতুর্থ দিনে ৫ উইকেটে ২৬০ রানে ডিক্লেয়ার দেয় দক্ষিণ আফ্রিকা। ভারতের সামনে লক্ষ্য ছিল ৫৪৯ রানের। যা তাড়া করতে নেমে চতুর্থ দিনের শেষেই দুটি উইকেট হারিয়ে ফেলেন পন্থরা। পঞ্চম দিনে আট উইকেট হাতে নিয়ে খেলতে নামে ভারত।
যদিও বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারছিলেন না কোনও ব্যাটার। একমাত্র রবীন্দ্র জাদেজা ছাড়া কেউই কুড়ি রানের গণ্ডিও টপকাতে পারেননি। ব্যাটে বলে জাদেজা একাই লড়ে গিয়েছেন। তবে তাঁর ইনিংসও বেশিক্ষণ স্থায়ী হয়নি। সিমন হারমেরের বল যেন চোখেই দেখতে পারছিল না ভারতীয় শিবির। ৬টি উইকেট তুলে নেন তিনি। কেশম মহারাজও ভালো বল করেন। দ্বিতীয় ইনিংসে ভারতের বিরুদ্ধে তিনি নেন ২টি উইকেট। বোলিং ও ব্যাটিং তো বটেই দক্ষিণ আফ্রিকার ফিল্ডিং সকলের নজর কাড়ে। আর দক্ষিণ আফ্রিকার কাছে হেরে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তালিকায় পঞ্চম স্থানে পৌঁছল। এই তালিকায় এই মুহূর্তে ভারতের উপরে রয়েছে পাকিস্তান। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দুই টেস্ট সিরিজে গোহারা হেরেছে ভারত। প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন সিমন হারমের। দ্বিতীয় টেস্টে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন মার্কো জানসেন।