ঢাকার পর খুলনা, রবীন্দ্রনাথের ছবিতে কালো কালি দিল দুষ্কৃতীরা
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ঢাকা: বাংলাদেশে ফের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ছবিতে কালি লেপে দেওয়া হল। এবার ঘটনাস্থল খুলনা শহর। এর আগে ঢাকা শহরেও রবীন্দ্রনাথের ছবিতে কালি লেপে দেওয়া হয়েছিল। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর উপলক্ষ্যে খুলনা রেল স্টেশনের বাইরের দেওয়ালে সিটি কর্পোরেশনের উদ্যোগে বিভিন্ন মনীষীর ছবি আঁকা হয়েছিল। রবীন্দ্রনাথ ছাড়াও সেখানে কাজি নজরুল ইসলাম, ফকির লালন শাহ, মাইকেল মধুসূদন দত্তের ছবি ছিল। শুক্রবার সন্ধ্যায় দেখা যায়, শুধুমাত্র রবীন্দ্রনাথের ছবিতেই কালো কালি লেপে দেওয়া হয়েছে। সেই ছবির পাশে দুটি পোস্টারও সাঁটা ছিল। তাতে রবীন্দ্রনাথ সম্পর্কে বিভিন্ন মন্তব্য লেখা হয়েছে। তার সঙ্গেই লেখা হয়েছে, ‘তিতুমিরের বাংলায় মুসলিম ও পূর্ব বাংলা বিদ্বেষী রঠার ঠাঁই নাই/ ভারত বন্দনার ঠাঁই নাই।’ বাংলাদেশের চরমপন্থীরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ব্যঙ্গ করে ‘রঠা’ বলেন।  খুলনা সদর থানার ওসি লোকমান হোসেন জানান, শুক্রবার ছুটি উপলক্ষ্যে ওই এলাকার সমস্ত দোকান বন্ধ ছিল। সেই সুযোগেই দুষ্কৃতীরা এই কাণ্ড ঘটিয়েছে বলে মনে করা হচ্ছে। সব দোকান বন্ধ থাকায় দুষ্কৃতীদের চিহ্নিত করা শক্ত বলেও জানিয়েছেন লোকমান। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ছবিতে কালি লেপে অসুস্থ মানসিকতার পরিচয় দেওয়া হল। ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশের বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন। কোনো সংগঠিত গোষ্ঠীই এমন কাজ করেছে বলে অভিযোগ তাদের। তবে, কর্পোরেশনের উদ্যোগে ওই ছবি নতুন করে আঁকেন শিল্পী রেজাউল করিম।

Advertisement