Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

স্ট্রোকে আক্রান্ত এইআরও, স্ত্রীর নিশানায় এসআইআর

এসআইআরের কাজের চাপে স্ট্রোকে আক্রান্ত হলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার এইআরও বিবেকানন্দ পাল। তিনি পিংলা ব্লক ইয়ুথ অফিসার।

স্ট্রোকে আক্রান্ত এইআরও, স্ত্রীর নিশানায় এসআইআর
  • ১ ডিসেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: এসআইআরের কাজের চাপে স্ট্রোকে আক্রান্ত হলেন পশ্চিম মেদিনীপুরের পিংলার এইআরও বিবেকানন্দ পাল। তিনি পিংলা ব্লক ইয়ুথ অফিসার। বাড়ি পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুর ব্লকের নন্দপুর গ্রামে। রবিবার সকাল সাড়ে ৬টা নাগাদ তিনি বাড়িতেই স্ট্রোকে আক্রান্ত হন। তিনি কথা বলতে পারছেন না। তড়িঘড়ি তাঁকে চণ্ডীপুর মাল্টি স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁকে তমলুক মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তমলুক থেকে তাঁকে কলকাতায় পাঠানো হয়েছে। বিবেকানন্দবাবুর স্ত্রী শম্পাদেবী বলেন, আমার স্বামী পিংলা বিধানসভার এইআরও(অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার) আছেন। ২৪ জন বিএলও তাঁর অধীনে কাজ করছেন। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা নিয়ে আমার স্বামী বেশ চাপে ছিলেন। তারপর এই ঘটনা ঘটল।

Advertisement

জানা গিয়েছে, ৪৭ বছর বয়সী বিবেকানন্দবাবুর থাইরয়েডের সমস্যা আছে। প্রেশারের ওষুধও খান। এরমধ্যেই এসআইআরের কাজের চাপে স্ট্রোকে আক্রান্ত হয়েছেন। প্রত্যেক ব্লকের এক্সটেনশন অফিসাররা এইআরও হিসেবে নিযুক্ত হয়েছেন। স্বয়ং বিডিও এইআরও হিসেবে কাজ করছেন। তাঁদের প্রত্যেকের অধীন ২০ থেকে ৩৫জন বিএলও ইনিউমারেশন ফর্ম বিলি, সংগ্রহ এবং ডিজিটাইজেশনের কাজ করছেন। কোনও বিএলও কাজে পিছিয়ে পড়লে এইআরওকে কৈফিয়ত দিতে হয়। ডিজিটাইজেশনের কাজে সব বিএলও সমান দক্ষ নন। যেকারণে বিএলওদের উপর নিয়মিত নজরদারি রাখা এইআরওদের কাজ। এই অবস্থায় পিংলার ওই এইআরও বেশ চাপের মধ্যে ছিলেন বলে পরিবারের দাবি।
জানা গিয়েছে, এদিন বিবেকানন্দবাবু গ্রামের বাড়িতেই ছিলেন। সকালে বাথরুম সেরে নিজের ঘরে আসার পরই স্ট্রোকে আক্রান্ত। তিনি কথা বলতে পারছেন না। পরিবারের লোকজন মুখে চোখে জল দিয়ে তাঁকে চটজলদি হাসপাতালে নিয়ে যান। কিন্তু, গুরুতর অসুস্থ হয়ে পড়ার লাইফ সাপোর্ট যুক্ত অ্যাম্বুলেন্সে তমলুক এবং সেখান থেকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। 
বিবেকানন্দবাবুর শ্যালিকা ঝুমারানি সাঁতরা বলেন, বোনের বর পিংলা বিডিও অফিসের ব্লক ইয়ুথ অফিসার। এইআরও হিসেবে এসআইআরের কাজের চাপ ছিল। সেই চাপের কারণে ভগ্নিপতি অসুস্থ হয়ে পড়েছেন। এখন তাঁকে কলকাতা নিউরো সায়েন্সে ভর্তি করা হয়েছে।
ওই আধিকারিকের স্ত্রী শম্পাদেবী বলেন, আমার স্বামীর অধীনে মোট ২৪জন বিএলও কাজ করছেন। তাঁদের প্রত্যেকের পারফরম্যান্স যথাযথ হচ্ছে কি না তার উপর নজরদারি রাখতে হচ্ছিল। এনিয়ে আমার স্বামী বেশ চাপের মধ্যে ছিল। তারমধ্যেই রবিবার সকালে স্ট্রোক হয়। 
পিংলার বিডিও লাকপা ওয়াংচু শেরপা বলেন, আমাদের ব্লকে মোট ছ’জন এইআরও আছেন। একজন মহিলা এইআরও ৩৭টি বুথের সুপারভাইজ করছেন। সেই জায়গায় বিবেকানন্দবাবুকে ২৪টি বুথের দায়িত্ব দেওয়া হয়েছিল। এই মুহূর্তে বিএলওদের কাজের চাপ থাকলেও এইআরওদের কাজের চাপ শুরুই হয়নি। তাছাড়া, বিবেকানন্দবাবু অসুস্থ ছিলেন। ছুটিতে থাকার পর গত সোমবার কাজে যোগদান করেন। রবিবার তিনি বাড়িতে অসুস্থ হয়ে পড়েছেন বলে শুনেছি। 
সেচমন্ত্রী  মানস ভঁইয়া বলেন, এসআইসারের কাজ নিয়ে অফিসারদের বাড়তি চাপ হচ্ছে। আমাদের দল শুরু থেকেই একথা বলে আসছে। পিংলার ঘটনা আবারও সেটা প্রমাণ করল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ