Bartaman Logo
২৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / কলকাতা

পুজোয় ট্রাফিক নিয়ন্ত্রণে আকাশপথে নজরদারি! কেনা হচ্ছে ১ কোটির ড্রোন ক্যামেরা

পুজোয় শহরে যান নিয়ন্ত্রণে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে কলকাতা পুলিশ। ট্রাফিক কন্ট্রোল রুম থেকে দেখা হবে শহরের কোন রাস্তায় যানবাহনের চাপ বেশি।

পুজোয় ট্রাফিক নিয়ন্ত্রণে আকাশপথে নজরদারি! কেনা হচ্ছে ১ কোটির ড্রোন ক্যামেরা
  • ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পুজোয় শহরে যান নিয়ন্ত্রণে ড্রোনের মাধ্যমে নজরদারি চালাবে কলকাতা পুলিশ। ট্রাফিক কন্ট্রোল রুম থেকে দেখা হবে শহরের কোন রাস্তায় যানবাহনের চাপ বেশি। সেই আপডেট অনুযায়ী যান চলাচল সচল ও স্বাভাবিক রাখবেন ‘অন-ফিল্ড’ উর্দিধারীরা। সেজন্য ইতিমধ্যেই দু’টি উচ্চক্ষমতা সম্পন্ন ড্রোন কেনার সিদ্ধান্ত নিয়েছে লালবাজার। এর জন্য খরচ হবে এক কোটি টাকা। পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যেই দরপত্র ডেকেছে লালবাজার। ১৫ দিনের মধ্যেই ড্রোন হস্তান্তর করতে বলা হয়েছে। 

Advertisement

পুজোয় উত্তর কলকাতায় শ্যামবাজার, বেলগাছিয়া রোড, টালা পার্ক, হাতিবাগান, মধ্য কলকাতায় কলেজ স্ট্রিট, আর দক্ষিণ কলকাতায় রাসবিহারী মোড়, গড়িয়াহাট চত্বর। এই কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রসিং সামলাতে রীতিমতো কালঘাম ছোটে পুলিশের। এই কয়েকটি ক্রসিংয়ে যানজট হলে সংশ্লিষ্ট এলাকার আশপাশে ব্যাপক যানজট হয়। সেক্ষেত্রে গাড়ির সারি বাড়তেই থাকে। তাই আগে থেকেই যানজট নিয়ন্ত্রণে প্রযুক্তির সাহায্য নিচ্ছে কলকাতা পুলিশ। লালবাজার সূত্রে খবর, ট্রাফিক বিভাগের কন্ট্রোল রুমের সঙ্গে যুক্ত থাকবে ওই ড্রোন দু’টি। জানা গিয়েছে, উত্তর ও মধ্য কলকাতার মধ্যে ঘোরাফেরা করবে একটি ড্রোন। অন্যটি বাজপাখির মতো উপর থেকে নজরদারি চালাবে দক্ষিণ কলকাতায়। কী সুবিধা মিলবে এই ড্রোন নজরদারিতে? ট্রাফিক বিভাগের দাবি, উপর থেকে রাস্তায় যানজটের স্পষ্ট চিত্র পাওয়া যাবে। অন-ফিল্ড অফিসাররা যা দেখতে পান না। তাই যান নিয়ন্ত্রণে তাঁদের কিছুটা অসুবিধা হয়। সেসব ভেবেই ড্রোন ক্যামেরার সাহায্য নেওয়া হবে। সেই ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ বিভিন্ন যানবাহনকে দ্রুত বিকল্প রুট দিয়ে ঘুরিয়ে দিতে পারবে। তাতে সংশ্লিষ্ট এলাকা দ্রুত যানজট মুক্ত হতে পারবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ