Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ব্যবসায় ঋণ নিতে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণের পক্ষে সওয়াল

নতুন উদ্যোগ বা ছোটো সংস্থা তাদের ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যথাযথ ব্যাংকঋণ পায় না। প্রায়ই এমন অভিযোগ ওঠে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলিরও যে সচেতন হওয়া জরুরি, তা বোঝালেন দেশের প্রথম সারির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জেনারেল ম্যানেজার সনাতন মিশ্র।

ব্যবসায় ঋণ নিতে বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণের পক্ষে সওয়াল
  • ৩ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নতুন উদ্যোগ বা ছোটো সংস্থা তাদের ব্যবসা চালিয়ে নিয়ে যাওয়ার জন্য যথাযথ ব্যাংকঋণ পায় না। প্রায়ই এমন অভিযোগ ওঠে। এক্ষেত্রে সংশ্লিষ্ট সংস্থাগুলিরও যে সচেতন হওয়া জরুরি, তা বোঝালেন দেশের প্রথম সারির একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের জেনারেল ম্যানেজার সনাতন মিশ্র। বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক আলোচনাসভায় তিনি বলেন, ঋণ নেওয়ার আগে যেকোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানের কোনও আর্থিক বিশেষজ্ঞের থেকে পরামর্শ নেওয়া উচিত এবং আর্থিক ‘শৃঙ্খলা’ বজায় রাখা জরুরি। নতুন সংস্থা বা স্টার্ট আপের ক্ষেত্রে ব্যাংকঋণ তখনই মিলবে, যখন উদ্যোগপতি নিজে প্রাথমিক মূলধন জোগাড় করবেন এবং সরকার তার তরফে ভর্তুকির টাকা জমা করবে। পাশাপাশি যে টাকা ঋণ নেওয়া হচ্ছে, তা ব্যবসায় কীভাবে দক্ষতার সঙ্গে কাজে লাগানো হবে, সেটিও আগে থেকে স্পষ্ট করে জানাতে হবে সংস্থাগুলিকে। অপর একটি রাষ্ট্রায়ত্ত সংস্থার কর্তা সুনীল কুমার বলেন, ব্যাংকের একমাত্র স্বার্থ হল, তারা দেখে নিতে চায় ঋণের আবেদনকারী সংস্থাটি প্রতিমাসে সুদ মেটাতে প্রস্তুত, কি না। সেই সদিচ্ছায় খামতি আছে মনে হলে ব্যাংকঋণ দেবে না বলেই বুঝিয়েছেন তিনি। একটি প্রথম সারির বেসরকারি ব্যাংকের আঞ্চলিক প্রধান সুজিত বসু বলেন, সুদের হারের ছোটোখাটো তারতম্য ব্যবসায় ঋণের ক্ষেত্রে বিরাট প্রভাব ফেলে না। যেখানে ঋণ নেওয়ায় প্রশাসনিক জটিলতা কম, সেখানেই শিল্প সংস্থা ঋণ নিতে আগ্রহী হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ