Bartaman Logo
৩১ আগস্ট, ২০২৬
বর্তমান / কলকাতা

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে স্বচ্ছতা রাখার পরামর্শ, টাঙাতে হবে দৈনিক মূল্য তালিকা

সব্জি থেকে মাছ। ফল থেকে মাংস। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে নিউটাউনের সমস্ত বাজারে যৌথ পরিদর্শন করল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ), পুলিস ও জেলা প্রশাসন

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দামে স্বচ্ছতা রাখার পরামর্শ, টাঙাতে হবে দৈনিক মূল্য তালিকা
  • ১৩ মে, ২০২৫ ১৬:০৫
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: সব্জি থেকে মাছ। ফল থেকে মাংস। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে নিউটাউনের সমস্ত বাজারে যৌথ পরিদর্শন করল নিউটাউন কলকাতা ডেভেলপমেন্ট অথরিটি (এনকেডিএ), পুলিস ও জেলা প্রশাসন। জিনিসপত্রের দাম স্বচ্ছ রাখার পরামর্শ দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।

Advertisement

প্রত্যেক দোকানদার যাতে ন্যায্যমূল্যে জিনিসপত্র বিক্রি করেন তা মানতে বলা হয়েছে। সেই সঙ্গে কোন জিনিসের খুচরো মূল্য কত, প্রতিদিন দোকানের সামনে তার তালিকা টাঙাতে হবে বলেও জানানো হয়েছে। 
অভিযানে থাকা টাস্ক ফোর্স প্রতিটি বাজারে দোকানদাররা কত পরিমাণ পণ্য মজুত করেছেন, কী দাম নিচ্ছেন, তা নথিভুক্ত করেছেন। কেউ যাতে বেশি লাভের আশায় মালপত্র গোপনে মজুত না করেন, সে বিষয়ে সতর্ক করা হয়েছে। কারও বিরুদ্ধে অভিযোগ উঠলে আইনি পদক্ষেপ নেওয়া হবে বলেও সাবধান করেছেন আধিকারিকরা। এনকেডিএ’র এই উদ্যোগে খুশি নিউটাউনের আবাসিকরা।
এনকেডিএ সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারের নির্দেশে এদিন যৌথ পরিদর্শন হয়েছে যাতে শহরের বাজারগুলিতে দাম নিয়ন্ত্রণে থাকে। এদিন পরিদর্শন দলে ছিল এনকেডিএ’র এস্টেট ম্যানেজমেন্ট সেকশন, মহকুমা শাসকের দপ্তর, রেগুলেটেড মার্কেট কমিটি (আরএমসি), লিগ্যাল মেট্রোলজি দপ্তর এবং নিউটাউন থানার পুলিস। ডিজিপি ওল্ড হকার মার্কেট, ১বি/বিবি কমিউনিটি মার্কেট, সিবি কমিউনিটি মার্কেট, ডিসিপি নিউ হকার মার্কেট সহ নিউটাউনের সমস্ত বাজারগুলিতে স্পেশাল অভিযান হয়েছে। বাজারের প্রত্যেক দোকানদারকে বলা হয়েছে, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে শহরের আবাসিকদের কাছে বাড়তি বোঝা না হয়ে দাঁড়ায়। প্রতিটি জিনিসের দাম নেওয়ার সময় প্রত্যেককে স্বচ্ছতা বজায় রাখতে হবে। কোনওভাবেই বাড়তি মূল্য নেওয়া চলবে না। অনেক দোকানে প্রতিদিনের জিনিসপত্রের মূল্য তালিকা অর্থাৎ প্রাইস লিস্ট ছিল না। 
সেই দোকানদারদের বলা হয়েছে, প্রতিদিন সব্জি, মাছ, মাংস, ফলের কী দাম রয়েছে, তার সম্পূর্ণ তালিকা দোকানের বাইরে টাঙাতে হবে। কোনও কিছু গোপন করা চলবে না। এনকেডিএ কর্তৃপক্ষ জানিয়েছে, সাধারণ মানুষ যাতে ন্যায্য মূল্যে জিনিসপত্র পান, তার জন্যই এই অভিযান চালানো হয়েছে। দাম নিয়ন্ত্রণে রাখতে কিছুদিন অন্তর এই ধরনের বিশেষ অভিযান চলবে। নাগরিকরা উপকৃত হবেন। -নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ