Bartaman Logo
২ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

সরকারি পোর্টাল থেকে বাজার ধরতে পরামর্শ এসসি এসটি উদ্যোগপতিদের

সরকার ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি যখন কোনও পণ্য কেনে, তা কিনতে হয় গভর্মেন্ট ই-মার্কেটপ্লেস বা জেম পোর্টাল থেকে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারও জেম পোর্টাল থেকে পণ্য কেনে।

সরকারি পোর্টাল থেকে বাজার ধরতে পরামর্শ এসসি এসটি উদ্যোগপতিদের
  • ৭ জুলাই, ২০২৫ ১৬:০৭

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সরকার ও রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি যখন কোনও পণ্য কেনে, তা কিনতে হয় গভর্মেন্ট ই-মার্কেটপ্লেস বা জেম পোর্টাল থেকে। কেন্দ্রীয় সরকারের পাশাপাশি রাজ্য সরকারও জেম পোর্টাল থেকে পণ্য কেনে। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা বজায় রাখতে এবং ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে গোটা পদ্ধতি দ্রুত শেষ করতে এই নিয়ম চালু হয়েছে।

Advertisement

কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে জেম পোর্টাল থেকে পণ্য কেনা বাধ্যতামূলক। এমএসএমই সেক্টরের বাজার বাড়াতে নিয়ম করা হয়েছে, মোট কেনাকাটার ন্যূনতম ২৫ শতাংশ নিতে হবে ক্ষুদ্র, ছোট ও মাঝারি সংস্থা থেকে। তফসিলি জাতি (এসসি) ও উপজাতি (এসটি) হিসেবে যেসব উদ্যোগপতি ছোট উদ্যোগ চালু করেছেন, তাঁদের বা সেইসব সংস্থা থেকেও যাতে পণ্য কেনা হয়, তার লক্ষ্যমাত্রা রাখা হয়েছে জেম পোর্টালে। তার জন্য সংরক্ষিত ৪ শতাংশ। বাস্তবে দেখা যাচ্ছে সেই লক্ষ্যমাত্রা ছোঁয়া এখনও দূর অস্ত। তথ্য বলছে, এখনও পর্যন্ত ১.০১ শতাংশ লক্ষ্যমাত্রা ছোঁয়া গিয়েছে। ২০১৫-১৬ অর্থবর্ষে সেই হার ছিল মাত্র ০.০৭ শতাংশ। সেইসময় এই পোর্টাল থেকে মোট বিক্রির পরিমাণ ছিল ৯৯.৩৭ কোটি টাকা। তা এখন বেড়ে হয়েছে ১,৭০৫ কোটি টাকা। একটি বণিকসভার অনুষ্ঠানে ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (এনএসআইসি) জেনারেল ম্যা঩নেজার তথা জোনাল হেড অনুপম গায়েন বলেন, এসসি, এসটি হিসেবে বহু উদ্যোগপতি আছেন, যাঁরা সাফল্যের সঙ্গে ব্যবসা করছেন। কিন্তু তাঁরা জেম পোর্টালে নাম নথিভুক্ত করেননি। যদি তাঁরা তা করেন, তাহলে তাঁদের ব্যবসা আরও অনেকটাই বাড়বে। কেন্দ্রীয় সরকার সহজে বাজার পাওয়ার যে সুযোগ তাঁদের দিয়েছে, তা কাজে লাগানোর আহ্বান জানান তিনি। 
এসসি, এসটি উদ্যোগপতিদের জন্য নানা সুযোগ তৈরি করে দিচ্ছে এনএসআইসি। রয়েছে সিঙ্গল পয়েন্ট রেজিস্ট্রেশন স্কিম, সেখানে ১০০ টাকা দিয়ে নাম নথিভুক্ত করা যায়। ব্যবসায়িক পোর্টালের সদস্য পদ পাওয়ার ক্ষেত্রে ৮০ শতাংশ ভর্তুকি দেয় সরকার। ব্যাঙ্কঋণের প্রসেসিং ফি’র ক্ষেত্রে ১ লক্ষ টাকা বা ৮০ শতাংশ প্রসেসিং ফি’র যেটি কম, সেটি ফেরত পাওয়া যায়। আছে মূলধনের উপর ভর্তুকির সুবিধাও।

সম্পর্কিত সংবাদ