Bartaman Logo
৩ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

বারোবিশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পূর্ণবয়স্ক দাঁতাল! চাঞ্চল্য, জলপাইগুড়িতেও মৃত্যু মাকনার

বারোবিশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু ঘটেছে। জলপাইগুড়িতে তিস্তা নদীর চরে আরেকটি হাতির দেহ উদ্ধার। বিস্তারিত পড়ুন।

বারোবিশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত পূর্ণবয়স্ক দাঁতাল! চাঞ্চল্য, জলপাইগুড়িতেও মৃত্যু মাকনার
  • ৩ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি ও সংবাদদাতা, কুমারগ্রাম: উত্তরবঙ্গের জঙ্গল লাগোয়া গ্রামগুলিতে হাতি মৃত্যুর মিছিল যেন থামছেই না। এবার আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের বারোবিশা বিটের লেফরাগুড়ি বনবস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যুর ঘটনা ঘটল। বৃহস্পতিবার সকালে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থল থেকে স্থানীয় দুই বাসিন্দাকে আটক করে বনদপ্তর। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে, জলপাইগুড়িতে তিস্তা নদীর চরে হাতির দেহ উদ্ধার হয়েছে।

Advertisement

​বুধবার গভীর রাতে খাবারের খোঁজে বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব বিভাগের অন্তর্গত ভল্কা রেঞ্জের জঙ্গল থেকে একটি পূর্ণবয়স্ক হাতি লেফরাগুড়ি বনবস্তির লোকালয়ে ঢুকে পড়ে। অভিযোগ, হাতির হানা রুখতে অবৈধভাবে বিদ্যুতের তার বিছিয়ে রাখা হয়েছিল। অন্ধকারে ওই স্থানে প্রবেশ করতেই বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে চলে আসে হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বৃহস্পতিবার সকালে খবর পেয়ে ঘটনাস্থলে আসেন বনদপ্তরের ভল্কা রেঞ্জের আধিকারিক-কর্মীরা। বনদপ্তরের আধিকারিকদের প্রাথমিক অনুমান, বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার কারণে হাতিটির মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। উল্লেখ্য, চলতি বছরের ২৫ মার্চ, কুমারগ্রাম ব্লকের চ্যাংমারি পঞ্চায়েতের বালাপাড়া বনবস্তিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একটি হাতির মৃত্যু হয়। এর আগে ২০২৫ সালের ১৪ সেপ্টেম্বর কুমারগ্রাম ব্লকের কার্তিকা চা বাগান থেকেও একটি হাতির মৃতদেহ উদ্ধার হয়েছিল। 
এদিকে, বৃহস্পতিবার জলপাইগুড়িতে তিস্তা নদীর চরে হাতির দেহ উদ্ধার হয়েছে। ঘটনায় আলোড়ন ছড়ায় পাহাড়পুর পঞ্চায়েতের চৌরঙ্গী এলাকায়।  প্রায় একমাস ধরে হাতির দল ঘোরাঘুরি করছে তিস্তা নদীর চরে। ওই দলের মধ্যে একটি হাতির মৃতদেহ বৃহস্পতিবার দুপুরে নদীর চরে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। খবর পেয়ে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। হাতিটির মৃত্যুর কারণ এখনও স্পষ্ট নয়। তবে স্থানীয়দের অনুমান, বজ্রপাতে মৃত্যু হয়ে থাকতে পারে হাতিটির। বনদপ্তরের তরফে জানানো হয়েছে, মৃত্যুর কারণ জানতে হাতির দেহের ময়নাতদন্ত হবে। • নিজস্ব চিত্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ