নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পরিবেশ রক্ষা, রান্নার খরচে রাশ টানা সহ একগুচ্ছ কারণে প্রাইমারি ও হাইস্কুলের মিড ডে মিল রান্নায় অভিনব উদ্যোগ উত্তর দিনাজপুরে। পিএম পোষণ প্রকল্পের মাধ্যমে শীঘ্রই জেলার ১০৫ স্কুলে সোলার বা বৈদ্যুতিক কুকারে রান্নার ব্যবস্থা হবে। সম্প্রতি এনিয়ে জেলা প্রশাসনের কাছে নতুন নির্দেশিকা এসেছে। যেখানে বলা হয়েছে, যে প্রাইমারি এবং হাইস্কুলগুলিতে পড়ুয়া সংখ্যা তুলনামূলকভাবে বেশি, সেখানে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হবে। এজন্য স্কুলগুলিকে এ ব্যাপারে জানানো হচ্ছে।
জেলাশাসক বিবেক কুমার বলেন, মূলত পরিবেশ দূষণে রাশ টানতে স্কুলে মিড ডে মিল রান্নার ক্ষেত্রে সোলার বা বৈদ্যুতিক কুকারের ব্যবস্থা করা হবে। প্রাথমিকভাবে জেলার ১০৫ টি স্কুলে এই ব্যবস্থা নেওয়া হবে। এতে স্কুলগুলির রান্না সংক্রান্ত অনেক ঝঞ্ঝাট মিটে যাবে। দফায় দফায় রান্নার গ্যাসের সিলিন্ডার জোগাড় করতে হবে না। পরিবেশ দূষণও প্রতিরোধ হবে। জেলা প্রশাসন সূত্রে পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, আপাতত জেলায় ১০৫ স্কুলে প্রশাসন সোলার বা বৈদ্যুতিক কুকারের ব্যবস্থা করবে। এরমধ্যে ইটাহার ব্লকের স্কুলগুলিকে সবথেকে বেশি কুকার দেওয়া হবে। এই ব্লকে ১৮ টি স্কুলকে কুকার দেওয়া হবে। এছাড়াও রায়গঞ্জ ব্লকে ১৫, করণদিঘি ব্লকে ৬, কালিয়াগঞ্জ ব্লকে ৮, গোয়ালপোখর-১ ব্লকে ১৪ টি, গোয়ালপোখর-২ ব্লকে ১১ টি কুকার দেওয়া হবে। চোপড়া ব্লকে ৪ টি, হেমতাবাদ ব্লকে ৭ টি ও ইসলামপুর ব্লকে ৫ টি স্কুলে দেওয়া হবে কুকার। সেইসঙ্গে রায়গঞ্জ পুর এলাকায় ৫, কালিয়াগঞ্জ পুর এলাকায় ৩, ডালখোলা পুর এলাকায় ৩, ইসলামপুর পুর এলাকায় ৬ স্কুলে কুকার দেওয়া হবে।