Bartaman Logo
১৭ জুলাই, ২০২৬
বর্তমান / রাজ্য

পশ্চিম বর্ধমানে ৩৫ হাজার মহিলাকে ‘লাখপতি দিদি’ গড়তে চায় প্রশাসন

পশ্চিম বর্ধমানে ৩৫ হাজার মহিলাকে লাখপতি দিদি করার লক্ষ্য নিয়েছে প্রশাসন। ৪১৯ কোটি টাকা লোনের মাধ্যমে নারীদের ব্যবসায়িক সহায়তা। বিস্তারিত পড়ুন।

পশ্চিম বর্ধমানে ৩৫ হাজার মহিলাকে ‘লাখপতি দিদি’ গড়তে চায় প্রশাসন
  • ১৭ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, আসানসোল: শিল্প ও বাণিজ্যের জেলা পশ্চিম বর্ধমান। জেলবাসীর রক্তে ব্যবসা। সেই ব্যবসায় এবার নারীশক্তিকে শামিল করে  আরও শ্রীবৃদ্ধি চায় বর্তমান রাজ্য সরকার। চলতি অর্থবর্ষে জেলায় নতুন করে ৩৫ হাজার স্বনির্ভর দলের মহিলাকে লাখপতি দিদি করার পরিকল্পনা নিয়েছে ডিস্ট্রিক্ট রুরাল ডেভেলপমেন্ট সেল (ডিআরডিসি)। জানা গিয়েছে, এই অর্থবর্ষে স্বনির্ভর দলের মহিলারা ৪১৯ কোটি টাকা লোন পাবেন। দু’মাসের মধ্যেই ১২২ কোটি টাকা লোন তুলবেন গোষ্ঠীর মহিলারা। এই বৃহৎ টার্গেট বাস্তবায়িত করতে আদাজল খেয়ে নেমেছে প্রশাসন।

Advertisement

জেলায় বর্তমানে ১৩ হাজার ১৩৫টি স্বনির্ভর দল রয়েছে। গড়ে দশ জন করে সদস্য রয়েছেন প্রতিটি দলে। তাঁদের তৈরি নানা সামগ্রী বাজারে ভালোই সাড়া ফেলেছে। ২০২৩-২৪ অর্থবর্ষে ২  হাজার ৩১০ জন লাখপতি দিদি হয়েছিলেন। অর্থাৎ, স্বনির্ভর দলের থেকে লোন নিয়ে ব্যবসা করে বছরে এক লক্ষ টাকার বেশি লাভ করেছিলেন তাঁরা। ২০২৪-২৫ অর্থবর্ষে সেই সংখ্যাটা বেড়ে হয় ৭ হাজার ৪৮১, শেষ অর্থবর্ষে  ১১ হাজার ২২৯ জন মহিলা লাখপতি দিদির মর্যাদা পেয়েছেন। যাঁরা বছরে এক লক্ষ টাকার বেশি আয় করেছেন। এই ১১ হাজার ছাড়াও আরও ৩৫ হাজার মহিলাকে লাখপতি বানানোর টার্গেট দেওয়া হয়েছে। লক্ষ্যপূরণ বেশ কঠিন ধরেই এগোচ্ছে প্রশাসন। প্রথমত, কী ব্যবসা করলে বছরে এক লক্ষ টাকা লাভ করতে পারবেন, তার প্ল্যান মহিলাদের দেওয়া হচ্ছে। আসানসোল রবীন্দ্র ভবনেও একটি বড় কর্মশালা করা হয়েছিল সম্প্রতি। এছাড়াও বিভিন্ন এলাকা তার আ঩য়োজন করা হচ্ছে। এর পাশাপাশি ব্যাঙ্কগুলির সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হচ্ছে। যাতে লোন পেতে মহিলাদের কোনওপ্রকার হয়রানির শিকার না হতে হয়। 
পশ্চিম বর্ধমান জেলা ডিআরডিসির প্রজেক্ট ডিরেক্টর পার্থ দে বলেন, ৩৫ হাজার মহিলাকে লাখপতি দিদি করার লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে। কীভাবে তাঁরা ব্যবসায় সফল হতে পারবেন, তার সবরকম সহযোগিতা করা হচ্ছে। প্যাকেজিং মার্কেটিং থেকে শুরু করে ব্যবসার যাবতীয় কলাকৌশল শেখানো হচ্ছে। প্রশাসন জানিয়েছে, লোন নিয়ে কোনও কার্যকরী ব্যবসা না করলে বরদাস্ত করা হবে না। লোন ব্যবসা গড়ে তুলতে হবে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ